খালেদা জিয়ার কবরে মানুষের ঢল, শ্রদ্ধা
কেউ শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া মোনাজাত করছেন; কেউবা করছেন কোরআন তেলাওয়াত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। গতকাল শনিবার জিয়া উদ্যানে- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ০৭:৩৭
| প্রিন্ট সংস্করণ
দাফনের চতুর্থ দিনেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। কেউ শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া-মোনাজাত করছেন; কেউবা তাঁর আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করছেন।
গতকাল শনিবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক এই প্রধানমন্ত্রীর সমাধিস্থলে দিনব্যাপী চলে এসব কর্মকাণ্ড। এদিন ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা জনতার ভিড় লক্ষ্য করা যায়। ছুটির দিন হওয়ায় দলীয় নেতাকর্মী ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল নিয়ে সমাধিস্থলে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতির কারণে জিয়া উদ্যানের বেইলি ব্রিজ থেকে জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী খালেদা জিয়ার কবর পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন পড়ে। ধীরে ধীরে সমাধিস্থলে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন। কেউ নিঃশব্দ দোয়া পাঠ করেন। খালেদা জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে অনেককেই চোখ মুছতে দেখা গেছে।
গতকাল সকালে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। তারা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
দোয়া শেষে রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে। মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন-নির্যাতন করা, চিকিৎসা না দেওয়া, ভুল চিকিৎসা দেওয়ার কথা অভিযোগ করেন তিনি।
পরে জাতীয়তাবাদী তৃণমূল দল, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, জাতীয়তাবাদী সমবায় দল এবং জিয়া সাংস্কৃতিক ফোরাম নামে কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ ছাড়া অনেকে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত করছেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের আনা ফুলে ছেয়ে গেছে খালেদা জিয়ার কবর। ঢাকার বাইরে থেকেও বিএনপির অনেক নেতা আসছেন তাঁর অনুসারী নিয়ে।
গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণে জানাজা শেষে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
- বিষয় :
- খালেদা জিয়া
