শিশুটির শরীরজুড়ে নির্যাতনের চিহ্ন
বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ চারজন কারাগারে
র্নির্যাতনের শিকার শিশু। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫৩ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৭
| প্রিন্ট সংস্করণ
অভাবের সংসার। তাই বাধ্য হয়ে ১১ বছরের মেয়েকে গৃহকর্মী হিসেবে কাজে পাঠিয়েছিলেন বাবা। গৃহকর্তার বাসায় শিশুটি নিজের মেয়ের মতো থাকবে, মাসে মাসে বেতন পাবে বলে জানানো হয়। এ ছাড়া তার বিয়ের সময় যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দুই দিন আগে মেয়েকে দেখে আঁতকে ওঠেন বাবা। মুখমণ্ডল, গলাসহ পুরো শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। তিনি জানতে পারেন, পান থেকে চুন খসলেই মেয়ের ওপর নেমে আসত ভয়াবহ নির্যাতন। মারধরের সঙ্গে গরম খুন্তি দিয়ে দেওয়া হতো ছ্যাঁকা।
এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। সেই মামলায় গত রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর তিনজন হলেন–তাঁর স্ত্রী মোছা. বীথি, গৃহকর্মী রূপালী খাতুন ও সুফিয়া বেগম। সোমবার তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, আট মাস আগে বিমানের এমডির বাসায় কাজ শুরু করে শিশুটি। শুরু থেকেই সে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। এখন সে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে শিশুটিকে নির্যাতনের অভিযোগে মামলা হলে রোববার রাত সাড়ে ৩টার দিকে উত্তরা-৯ নম্বর সেক্টরের বাসা থেকে বিমানের এমডিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীর বাবা একজন হোটেল কর্মচারী। তিনি মামলায় উল্লেখ করেন, বিমানের এমডির বাসার নিরাপত্তাকর্মী মো. জাহাঙ্গীর কাজের জন্য অল্প বয়সী মেয়ে খুঁজছিলেন। পরে তাঁর সঙ্গে দেখা হয়। ভালোভাবে রাখার শর্তে গত বছরের জুন মাসে মেয়েকে কাজে পাঠান তিনি। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর তিনি ওই বাসায় গিয়ে মেয়েকে দেখে আসেন। এরপর আর মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গত শনিবার এমডির স্ত্রী বীথি ফোন করে জানান, তাঁর মেয়ে অসুস্থ। পরে মেয়েকে আনতে যান তিনি। তখন মেয়ের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখতে পান। শিশুটি ভালোভাবে কথাও বলতে পারছিল না। এর কারণ জিজ্ঞাসা করলে বীথি কোনো সদুত্তর দিতে পারেননি।
- বিষয় :
- শিশুকে নির্যাতন
