ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
বন্ধুত্ব ও উদ্যোক্তার স্বপ্নে ভিকিস মীনা বাজার
দেশের শিক্ষাঙ্গনে বড় পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ
ববি হাজ্জাজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছরপূর্তি এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর প্রধান ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘ভিকিস মীনা বাজার ২০২৬’ আয়োজন করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় অংশ নিয়েছেন অনেক নারী উদ্যোক্তা। এতে তৈরি হয়েছে স্মৃতি, বন্ধুত্ব ও অনুপ্রেরণার এক ভিন্ন আবহ।
মেলার আয়োজক ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আয়োজকরা বলছেন, এটি শুধু পণ্য প্রদর্শনী বা বিক্রির মেলা নয়; বরং ভিকারুননিসা পরিবারের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা। অনেক দিন পর একে অন্যের সঙ্গে দেখা হচ্ছে, ভাগাভাগি হচ্ছে স্মৃতি।
গতকাল শুক্রবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে দুপুর ১২টার মধ্যে প্রায় এক হাজার শিক্ষার্থী মেলা ঘুরে দেখেন। অনেককে স্মৃতিবন্দি করতে সেলফি তুলতে দেখা যায়।
দুপুরে মেলা পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেশের শিক্ষাঙ্গনে বড় পরিবর্তন আনা হবে। শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; খেলাধুলা ও নানা কার্যক্রমের মাধ্যমে নতুন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে মেধাভিত্তিক। দক্ষতার ঘাটতির কারণে অনেক সময় বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকেও পিছিয়ে পড়তে হয়। এই বাস্তবতা বদলাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে।
এবারের মীনা বাজারে ভিকারুননিসার সাবেক শিক্ষার্থীদের পরিচালিত প্রায় ৪৫টি স্টল রয়েছে। এসব স্টলে দেশি-বিদেশি শাড়ি, তৈরি পোশাক, আধুনিক গহনা, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রীসহ নানা পণ্য বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ খাবারও রাখা হয়েছে।
মেলায় স্টল দিয়েছে ইন্ডিগো মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক খাদিজা তাহেরা সিরিয়া ভিকারুননিসার সাবেক শিক্ষার্থী। তিনি বলেন, এই প্রতিষ্ঠানেই আমি ১২ বছর পড়েছি। এখন মার্বেল ও গ্রানাইট ব্যবসা করছি এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দিচ্ছি। নিজের প্রতিষ্ঠান হওয়ায় এই আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে।
মেলায় অংশ নেওয়া ‘বহু বাংলাদেশ ফার্নিচার’-এর মালিক নাবিলা নওরিনও এই ভিকারুননিসার সাবেক শিক্ষার্থী। প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভ তাসনিম তুল মাইশা বলেন, মেলায় অংশ নেওয়ার উদ্দেশ্য শুধু বিক্রি নয়, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষকে জানানো। ন্যাচারাল প্রসাধনী পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে স্কয়ারের মায়া ব্র্যান্ড। প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোটর নাজিয়া হক বলেন, এখানে স্টল দেওয়ার উদ্দেশ্য মানুষকে মায়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
শিক্ষার্থী ইশতাম জাহান বলেন, ভিকারুননিসার ৭৫ বছরপূর্তি উপলক্ষে এই আয়োজন আমাদের জন্য বিশেষ উপহার। আমাদের অনেক আপু এখানে উদ্যোক্তা হিসেবে অংশ নিয়েছেন।
ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খান বলেন, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন। ঈদকে সামনে রেখে কেনাকাটার সুযোগও তৈরি হয়েছে। ‘বন্ধুত্বের বন্ধন, উদ্যোক্তার স্বপ্ন’–এই স্লোগানকে সামনে রেখে আয়োজনটি করা হয়েছে।
৫০ টাকা প্রবেশমূল্যে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। আজ শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীনের।
- বিষয় :
- ববি হাজ্জাজ
