ঢাকায় ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার চোর চক্রের চার সদস্য
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৩:৪৯ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১৩:৫৫
রাজধানীর তেজগাঁও ও উত্তরা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ও সোমবার এ অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ ও ফয়সাল আহম্মেদ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মনিপুরীপাড়ার ১ নম্বর গেটের সামনে মানব কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে একজন অবস্থান করছে। এরপর রোববার রাত পৌনে ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে কাজী জহুরুল ইসলাম সৌমিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকাল সোয়া ৭টায় তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে দুটি মানব কঙ্কাল পাওয়া যায়। পরবর্তীতে তাদের তথ্যমতে একইদিন বিকেলে দেশের বিভিন্ন কবরস্থান থেকে অবৈধভাবে কবর খুড়ে মানব কঙ্কাল চুরি করে রাখা উত্তরার একটি বেসরকারি ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালানো হয়। এ সময় ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। হোস্টেলের ৪০২ নম্বর কক্ষে তার হেফাজতে থাকা ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে উপকমিশনার জানান, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
