হাম মোকাবিলায় ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার দাবি যুব ইউনিয়নের
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২০:৪৯
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা এবং চিকিৎসা কার্যক্রম জোরদারে ফিল্ড হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। শিশুদের জীবনরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হামের টিকাদান কর্মসূচিতে অবহেলা ও ব্যর্থতার কারণে দেশে গুরুতর জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। এ পর্যন্ত তিন শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, যা অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য।
নেতারা বলেন, এই বিপর্যয়ের জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। বিশেষ করে ওই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এক্ষেত্রে চরম অবহেলা দেখিয়েছেন। শিশুদের জীবন সুরক্ষাকে উপেক্ষা করে হঠাৎ করে টিকা ক্রয় সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে ড. ইউনূসের সরকার। যার ফলেই হামের টিকার কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্চের শেষ দিক থেকে হামের প্রাদুর্ভাব দেখা দিলেও তা নিয়ন্ত্রণে এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্রুত পরিস্থিতি মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।
- বিষয় :
- হাম
