ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘রবীন্দ্র ভাবনায় গ্রন্থ ও গ্রন্থাগার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘রবীন্দ্র ভাবনায় গ্রন্থ ও গ্রন্থাগার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৮:৪১

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় গ্রন্থকেন্রে্দ ‘রবীন্দ্র ভাবনায় গ্রন্থ ও গ্রন্থাগার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ডের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব সাউথ এশয়িার গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকার। অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. বেল্লাল হোসেন খান। 

মূল প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ ও গ্রন্থাগার বিষয়ক চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রবন্ধ উপস্থাপক রবীন্দ্রনাথের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ‘লাইব্রেরির প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রত্যেক লাইব্রেরির অন্তরঙ্গ সদস্যরূপে একটি বিশেষ পাঠকমণ্ডলী থাকা চাই।’ 

তিনি আরো বলেন, ‘রবীন্দ্রনাথ কেবল স্বপ্ন দেখেননি; শিক্ষাবিষয়ক ও গ্রন্থাগারকেন্দ্রিক তাঁর ভাবনাগুলো বাস্তবায়নের উদ্যোগও নিয়েছিলেন। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি এ বিষয়ে কাজ করেছেন।’

আলোচনায় মো. বেল্লাল হোসেন খান বলেন, ‘বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের বিচরণ নেই। তিনি বাংলা সাহিত্যকে নতুন মাত্রায় উন্নীত করেছেন এবং বাংলা সাহিত্যের মহাপুরুষ হিসেবে আবির্ভূত হয়েছেন।’

সভাপতির বক্তব্যে এ এইচ এম সাখাওয়াত উল্লাহ বলেন, ‘গ্রন্থাগার মানুষের জ্ঞানচর্চা ও মননের বিকাশ ঘটায়। তিনি রবীন্দ্রনাথের ‘লাইব্রেরি’ প্রবন্ধের প্রসঙ্গ তুলে ধরে বলেন, কবিগুরু গ্রন্থাগারকে বড় ও ছোট—এই দুই ভাগে বিভক্ত করেছিলেন। বড় গ্রন্থাগারে হাজার হাজার বই থাকলেও প্রয়োজন অনুযায়ী পাঠক নির্দিষ্ট বইয়ের কাছেই ফিরে যায়। রবীন্দ্রনাথের গ্রন্থ ও গ্রন্থাগার ভাবনায় আধুনিকতা ছিল, যা আজও মানুষকে অনুপ্রাণিত করে।’ 

এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’। সেমিনারে ঢাকাস্থ বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশ নেন। 

আরও পড়ুন

×