ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গর্ভাবস্থায় থাইরয়েড চিকিৎসায় নতুন গাইডলাইন 

গর্ভাবস্থায় থাইরয়েড চিকিৎসায় নতুন গাইডলাইন 
×

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত সেমিনার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ২১:০৪

গর্ভাবস্থায় ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসায় নতুন গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। বুধবার বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। 

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ‘গর্ভাবস্থায় থাইরয়েডজনিত জটিলতা সময়মতো শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অকাল প্রসব, গর্ভপাত, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।’

সেমিনারে ‘গর্ভাবস্থা ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা বিষয়ক বিইএস গাইডলাইন ২০২৬ হালনাগাদ’ চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মীদের সামনে উপস্থাপন করা হয়। আয়োজকেরা জানান, ‘নতুন এই নির্দেশিকা দেশের চিকিৎসকদের জন্য ব্যবহারিক ও কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকেরা গর্ভবতী নারীদের থাইরয়েড জটিলতা ব্যবস্থাপনায় এর মাধ্যমে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন।’

চিকিৎসকদের মতে, ‘গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা মা ও শিশুর উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে গর্ভকালীন নিয়মিত পরীক্ষা ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। নতুন গাইডলাইন সেই চিকিৎসা ব্যবস্থাপনাকে আরও সমন্বিত ও আধুনিক করবে বলে তাঁরা আশা করছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) সভাপতি ডা. ফারিয়া আফসানা। বিশেষ অতিথি ছিলেন বারডেম হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান। এছাড়াও  মূল বক্তা হিসেবে বক্তব্য দেন বিইএস এর প্রেসিডেন্ড ইলেক্ট ডা. শাহজাদা সেলিম এবং সাধারণ সম্পাদক ডা. এম সাইফুদ্দিন। 

বক্তারা বলেন, ‘থাইরয়েড গ্রন্থি আকারে ছোট হলেও শরীরের বিপাকক্রিয়া, বৃদ্ধি, মানসিক বিকাশ ও প্রজননস্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাই থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক পুষ্টি নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।’

‘থাইরয়েড স্বাস্থ্য রক্ষায় সঠিক পুষ্টি’ প্রতিপাদ্যে সেমিনারের আয়োজন করে থাইরয়েড টাস্কফোর্স ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। 

আরও পড়ুন

×