ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হামলার অভিযোগে গ্রেপ্তার ২৬ জন কারাগারে

হামলার অভিযোগে গ্রেপ্তার ২৬ জন কারাগারে
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মাদকবিরোধী অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আসামিরা হলেন মো. আজমল, মো. সোলাইমান, শান্ত, জসীম উদ্দিন, সজিবুর রহমান আকবর, ইকবাল মিয়া, তানভীর আহমেদ, মো. রাশেদ, রকি আহম্মেদ সাগর, আলমগীর, শরীফ, সালাম, কাল্লু মিয়া, সুমন, ফারুক, অপু, জুয়েল, সাদ্দাম হোসেন, ইয়াছিন, চান মিয়া, ফালান, আব্দুল করিম, গোলাম রাব্বী, ছিদ্দিক, মিনু ও শিল্পী বেগম।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার আসামিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে হাজির করেন। এ সময় তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় ধলপুর এলাকার ১৪ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালান এসআরবি-১০ এর সদস্যরা। তখন ইয়াবা, হেরোইন, টাকাসহ কয়েকজনকে আটক করা হয়। এরপর আটক ব্যক্তিদের সহযোগীরা দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে এসআরবি সদস্যদের ওপর হামলা চালান। তারা সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। হামলায় এসআরবির কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় পরদিন যাত্রাবাড়ী থানায় মামলা হয়। ওই মামলায় বৃহস্পতিবার ধলপুর এলাকা থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ২৭ অক্টোবর এসআরবির অভিযানের মধ্যে মারুফ হোসেন ওরফে দুখু মিয়া নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্বজন ও প্রতিবেশীদের অভিযোগ, এসআরবি সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন দুখু মিয়া। 
তবে এসআরবি-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, এসআরবি সদস্যরা আক্রান্ত হওয়ার পর আত্মরক্ষায় ফাঁকা গুলি ছোড়েন। সেই গুলিতে কারও মৃত্যু হয়নি। মাদক ব্যবসায়ীদের গুলিতে ওই তরুণের মৃত্যু হয়ে থাকতে পারে। 

আরও পড়ুন

×