ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এনসিপির বিক্ষোভ

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাও

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রী  পদত্যাগ না করলে  প্রধানমন্ত্রীকে ঘেরাও
×
×

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি সমকাল

 সমকাল প্রতিবেদক ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৮:০৯

| প্রিন্ট সংস্করণ

বিএনপি সরকারকে নব্য স্বৈরাচার বলে আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের অবসান হয়েছিল। কিন্তু দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে। পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার, দুই শক্তিকেই পরাজিত করা হবে। স্বরাষ্ট্র এবং বিদ্যুৎমন্ত্রী পদত্যাগ না করলে তারেক রহমানকে ঘেরাও করা হবে।

দুই মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখা সমাবেশের আয়োজন করে। এতে দলটির হাজারো নেতাকর্মী অংশ নেন। 

সমাবেশের প্রধান অতিথি নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎসংকট, সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। এ দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের প্রতিশ্রুতি ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন। সেটি উপেক্ষা করে একতরফা সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী ইশতেহার, ৩১ দফা ও জুলাই সনদের প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা নেই। সরকার দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্ব প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, পাহাড়ে অশান্তি এবং ভারতের বিভিন্নস্থানে মুসলমানদের নিপীড়ন চলছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ। ভারতকে করিডোর দেওয়া হচ্ছে। অবৈধ করিডোর জনগণ মানবে না। আগামী ডিসেম্বরে গঙ্গাচুক্তি ন্যায্যভাবে নবায়ন না হলে জনগণ আন্দোলনে নামবে। নাহিদ জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মেয়র পদে নির্বাচন করবেন। 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি বলেছিল, নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আইনশৃঙ্খলা, গণতন্ত্র, দ্রব্যমূল্য কিছুই ঠিক হয়নি। চাঁদাবাজি, ছিনতাই, দখলদারিত্ব এসব ঘটনা ঘটছে। দায় তারেক রহমানকেই নিতে হবে। কলকাতায় এক হাজার টাকায় গ্যাস পাওয়া গেলেও বাংলাদেশে কেন তা আড়াই হাজার টাকা? বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুতে আওয়ামী লীগের উল্লাসে তিনি বলেন, বিএনপি জুলাই গণহত্যার বিচার করেনি বলেই তারা এই সাহস পাচ্ছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী ঢাকায় ব্যাটারি রিকশা এবং হকার উচ্ছেদকে স্বাগত জানিয়ে বলেন, জনবান্ধব গণপরিবহনের ব্যবস্থা করতে না পারলে লুটেরাদের গাড়িগুলো বন্ধ করে দেব। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ বলেন, বিএনপি শুধু জনগণের সঙ্গে নয়, নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গেও বেইমানি করেছে। জোটসঙ্গী জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন আসিফ। তিনি বলেন, বিএনপির প্রশাসকরা সকালে গিয়ে হকার উচ্ছেদ করেন, আর বিকেলে তাদেরই কর্মীরা হকার বসায়। আগে নিত ৫০০ টাকা, এখন নেয় দুই হাজার।  

কোরআন তেলওয়াতের পর জাতীয় সংগীতে শুরু হয় এনসিপির সমাবেশ। এতে দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার প্রমুখ বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল্লাহ আল আমিন, ড. আতিক মুজাহিদ এমপি, আব্দুল হান্নান মাসউদ এমপি, সারোয়ার তুষার, মনিরা শারমিন প্রমুখ।

আরও পড়ুন

×