ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ২০:২১
রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে ১৭টি ককটেল।
পুলিশ সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে ধানমন্ডির মিরপুর সড়কের কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় মিছিলটি বের হয়। তাদের হাতে ব্যানার ছিল। তারা সড়কের একাধিক স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনের রাস্তায়ও ককটেল ছোড়া হয়।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক সমকালকে বলেন, ঘটনাস্থলটি ধানমন্ডি ও কলাবাগান থানার সীমান্ত এলাকায় পড়েছে। আমাদের অংশে কলাবাগান বাসস্ট্যান্ড লাগোয়া ফুটওভারব্রিজের পাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তিনটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। ওই সময় এক নারীসহ দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে আরও সাতটি ককটেল উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকের বাসার অদূরে একটি হোটেলের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ দুজনকে আটক করে। উদ্ধার করা হয় সাতটি ককটেল। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে দেখা যায়, আনুমানিক অর্ধশত নেতাকর্মী শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের কারও মাথায় হেলমেট, কারও মুখে মাস্ক ছিল।
পুলিশ জানায়, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধ সংশ্লিষ্টতা নিশ্চিত হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
রমনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২
রমনা শপিং কমপ্লেক্স এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন– জাহিদুল ইসলাম অনিক ও শিহাব হোসেন অমি। তাদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
রমনা থানা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত ৮টার দিকে রমনা শপিং কমপ্লেক্সের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় রমনা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় সকালে মগবাজারের চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে অনিক ও শিহাবকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- আওয়ামী লীগ
- ককটেল বিস্ফোরণ
- আটক