ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উৎপাদনশীলতা বাড়াতে বিজেটিআইয়ের লিন সিক্স সিগমা প্রশিক্ষণ

উৎপাদনশীলতা বাড়াতে বিজেটিআইয়ের লিন সিক্স সিগমা প্রশিক্ষণ
×
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১৯:৫০

শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানো, পরিচালন ব্যয় কমানো এবং পণ্য ও সেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘লিন সিক্স সিগমা’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাপান ট্রেনিং ইনস্টিটিউট (বিজেটিআই)।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে নাসির ট্রেড সেন্টারে এ প্রশিক্ষণ শুরু হয়। আগামীকাল শনিবারও প্রশিক্ষণ চলবে। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের বিশেষজ্ঞ ড. অঙ্কুর চতুর্বেদী।

প্রশিক্ষণে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দক্ষতা বাড়ানো, প্রক্রিয়াগত ত্রুটি শনাক্ত ও কমানো, অপচয় রোধ এবং পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন কৌশল ও পদ্ধতি শেখানো হচ্ছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেটিআইয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাওয়াহেরুল গনি, পরিচালক আবু নাঈম মো. শাহজাহান, ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটির (বিএএএস) সেক্রেটারি জেনারেল শেখ নিজাম উদ্দিন আহমেদ।

আয়োজকেরা জানান, লিন সিক্স সিগমা একটি কার্যকর ব্যবস্থাপনাপদ্ধতি। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কাজের প্রক্রিয়া বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় ধাপ ও অপচয় কমানোর পাশাপাশি উৎপাদন ও সেবার ক্ষেত্রে ত্রুটির পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। এ পদ্ধতির প্রয়োগে কাজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পরিচালন ব্যয় কমানো এবং পণ্য ও সেবার মান উন্নয়ন সম্ভব।

বিজেটিআই কর্তৃপক্ষ আশা করছে, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা লিন সিক্স সিগমার ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। পরবর্তী সময়ে নিজ নিজ প্রতিষ্ঠানে এসব কৌশল প্রয়োগ করে উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস, কাজের মান উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারবেন।

আরও পড়ুন

×