এসএসসি-২০২৬
উত্তরা রাজউক মডেল কলেজে শতভাগ পাস, আনন্দ-উল্লাসে শিক্ষার্থীরা
ছবি- শহিদুল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৬:২২ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ১৬:২৪
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্যে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজের শিক্ষার্থীরা। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সহপাঠী ও অভিভাবকদের সঙ্গে কলেজ মাঠে আনন্দে মেতে ওঠেন। এ সময় পুরো ক্যাম্পাস পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
কলেজের শিক্ষার্থী সামিয়া আফিয়া হায়াত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ভবিষ্যতে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে ভালো একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। ফল প্রকাশের পর সহপাঠীদের সঙ্গে আনন্দে মেতে ওঠা সামিয়া বলেন, ‘আমার স্বপ্ন ডাক্তার হওয়া। আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। ভবিষ্যতে মানুষের সেবায় একজন ভালো ডাক্তার হতে চাই।’
সামিয়ার মা সেজ্যুতি জামান বলেন, ‘মেয়ে জিপিএ-৫ পেয়েছে, এতে আমরা খুবই আনন্দিত। মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, এ জন্য আল্লাহর কাছে দোয়া করি।’
সোমবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, সামিয়ার মতো অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের অভিভাবকরাও সন্তানের সাফল্যে আনন্দ প্রকাশ করেন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সানজিদা বিনতে রহমানের মা মর্জিনা বেগমসহ কয়েকজন অভিভাবক জানান, সন্তানদের ভালো ফলাফলের খবর পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে সন্তানরা আরও ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ জানান, এসএসসি পরীক্ষা-২০২৬ এ রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এ বছর কলেজ থেকে মোট ৯০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭৪ জন।
তিনি জানান, বিজ্ঞান বিভাগ থেকে ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১২ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পাওয়ার হার ৮৯ দশমিক ২১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ২২১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। এ বিভাগে জিপিএ-৫ পাওয়ার হার ২৮ দশমিক ০৫ শতাংশ।
কলেজের প্রশাসনিক কর্মকর্তা সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম সরকার জানান, এবার রাজউক উত্তরা মডেল কলেজে জিপিএ-৫ পাওয়ার সামগ্রিক হার ৭৪ দশমিক ৩১ শতাংশ। পাসের হার ১০০ শতাংশ।