বনশ্রীতে মোটরসাইকেল থেকে পড়ার পর ২ বাস চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু
তাসপিয়া আহমেদ তৃষা। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০০:০৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০০:০৯
রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তাসপিয়া আহমেদ তৃষা নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
তৃষা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষিকা ছিলেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়।
খিলগাঁও থানা পুলিশ জানায়, রমজান পরিবহন ও আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, তৃষা কাজে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তৃষা দুর্ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা সাংবাদিকদের বলেন, তাসপিয়া তার দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার তার কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। অথচ আজ সন্ধ্যায় সড়কে তার রক্তাক্ত নিথর দেহ দেখতে হয়েছে। পরে তিনি তাসপিয়ার পরিবারের সদস্যদের খবর দেন।