আবাসন প্রকল্পে হামলা
ঘটনার আগের দিন চূড়ান্ত বৈঠক, ভিডিও খুঁজছে পুলিশ
রাজধানীর ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে হামলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৪
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে হামলার আগের দিন ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি হোটেলে বসে চূড়ান্ত বৈঠক করে পরিকল্পনাকারী। সেখানকার ভিডিও ফুটেজ খুঁজছে পুলিশ। একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে হামলার ঘটনায় করা মামলায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে ঢাকার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত তাঁকে কারাগারে রাখার নির্দেশ দেন। আজ বুধবার আদালতে তাঁর রিমান্ড শুনানি হওয়ার দিন রয়েছে। কারাবন্দি অন্য পাঁচ আসামিরও আজ রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও, আবাসন প্রকল্পের অফিসসহ কয়েকটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও লুটপাট করে। জমি নিয়ে বিরোধের জেরেই হামলা-ভাঙচুর চালানো হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, মিজানুরকে সোমবার মাটিকাটা এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে রাতে তাদের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এমপির বিবৃতি
জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার ও এ-সংক্রান্ত প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংসদ সদস্য আব্দুল গফুর। একই সঙ্গে মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে তাঁর কিংবা জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, মিজানুরকে তাঁর নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তারের যে তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। ঢাকার মাটিকাটায় তাঁর কোনো ব্যক্তিগত বাসা নেই।
- বিষয় :
- হামলা