অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে গ্র্যান্ডপ্যারেন্টস’ ডে উদ্যাপন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২১:৩৫
ভালোবাসা, কৃতজ্ঞতা ও প্রজন্মের বন্ধন উদ্যাপনের মধ্য দিয়ে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ডপ্যারেন্টস’ ডে ২০২৬–২৭। ধানমন্ডি, উত্তরা, বনশ্রী, গুলশান ও পুরান ঢাকার ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে দাদা-দাদি, নানা-নানি, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এতে প্রবীণ প্রজন্মের অবদান এবং শিশুদের সঙ্গে তাঁদের আত্মিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রায় ৬০০ জনের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নাচ, আবৃত্তি ও গল্প পরিবেশন করে। পাশাপাশি দাদা-দাদি ও নানা-নানির সঙ্গে নাতি-নাতনিদের অংশগ্রহণে বিশেষ ফ্যাশন শোর আয়োজন করা হয়। তাঁদের একান্ত সুন্দর মুহূর্ত নিয়ে তৈরি স্লাইডশোও অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গল্প বলার পর্ব। এতে দাদা-দাদি ও নানা-নানিরা নিজেদের জীবনের অভিজ্ঞতা, স্মৃতি ও মূল্যবান শিক্ষা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। তাঁদের গল্পের মধ্য দিয়ে শিক্ষার্থীরা অতীতের নানা অভিজ্ঞতা সম্পর্কে জানার পাশাপাশি প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়ার সুযোগ পায়।
আয়োজকরা জানান, পরিবারের প্রবীণ সদস্যদের নিঃস্বার্থ ভালোবাসা, প্রজ্ঞা ও ত্যাগের প্রতি সম্মান জানানো এবং তাঁদের সঙ্গে শিশুদের সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে সহমর্মিতা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ গড়ে তোলার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সহায়তা করে।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার পাশাপাশি পারিবারিক সম্পর্ক, মানবিক মূল্যবোধ ও প্রবীণদের যথাযথ মর্যাদা দেওয়ার গুরুত্বও তুলে ধরা হয়। হাসি, আবেগ ও মধুর স্মৃতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- বিষয় :
- শিক্ষা