ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মিরপুর বিআরটিএতে অভিযানে ৪ জনের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে অভিযানে ৪ জনের কারাদণ্ড
×
×

আটক শাওন, ইউসুফ, আবুল কালাম ও আশিক।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৮:১৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৯:২৭

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে চারজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিআরটিএর ঢাকা মেট্রো-১ সার্কেলের মিরপুর-১৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত ৩-এর অধীনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিআরটিএ কার্যালয় চত্বর থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে একজনকে ১৫ দিনের এবং অপর তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. শাওন, মো. ইউসুফ মল্লিক, মো. আবুল কালাম ও আশিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের প্রতারণার বিষয়ে তাদের কাছে অসংখ্য অভিযোগ ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করা এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×