ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

লালবাগে অত্যাধুনিক খেলার মাঠ উদ্বোধন

লালবাগে অত্যাধুনিক খেলার মাঠ উদ্বোধন
×

খেলার মাঠের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৬:১৭ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:১৮

জল সবুজে ঢাকা প্রকল্পের আওতায় অত্যাধুনিকভাবে সজ্জিত শহীদ হাজী আবদুল আলীম খেলার মাঠের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার লালবাগে অবস্থিত এ মাঠটির তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ সময় মেয়র সাঈদ খোকন বলেন, বেদখল হয়ে নানা অসামাজিক কার্যকলাপ, ভবঘুরে ও সন্ত্রাসী কার্যক্রমের আখড়ায় পরিণত হয়েছিল মাঠটি। এ রকম ৩১টি পার্ক ও খেলার মাঠকে দখলমুক্ত করে বিশ্বমানের আদলে গড়ে তোলার লক্ষ্যে জল সবুজে ঢাকা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। সে প্রকল্পের অংশ হিসেবেই বিশ্বমানে উন্নীত করে এ খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, অন্যান্য পার্ক ও খেলার মাঠগুলোও দ্রুত উদ্বোধন করে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর ফলে এলাকাবাসীর বিনোদন, খেলাধুলা, শরীরচর্চা ও অবসর কাটানোর সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্‌ ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম, স্থপতি রফিক আজমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিএসসিসি জানায়, ৭৫ কাঠা জায়গায় আট কোটি টাকা ব্যয়ে শহীদ হাজী আবদুল আলীম খেলার মাঠটি আধুনিকায়ন করা হয়েছে। মাঠে ফুটবল খেলার ব্যবস্থা, ক্রিকেট খেলার নেট প্রাকটিস, সকাল-সন্ধ্যা হাঁটার জন্য ওয়াকওয়ে, হাঁটা ও বসার জন্য উন্মুক্ত স্থান, শিশুদের খেলার জন্য পৃথক স্থান, জিমনেশিয়াম, ক্যাফেটোরিয়া, কফিশপ, লাইব্রেরি, বিভিন্ন প্রকার ফল ও প্রজাপতি আকৃষ্টকারী ফুলের গাছ, সিসিটিভি ক্যামেরা, ফ্রি ওয়াইফাই, আধুনিক টয়লেট, ওয়াটার ফিল্টার, মেহরাব, ঈদের নামাজ আদায়ের স্থানসহ প্রভৃতি অনুষঙ্গ যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×