প্রক্রিয়াজাতকরণের দুর্বলতায় পেঁয়াজ সংকট: ড. মসিউর রহমান
ড. মসিউর রহমান- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৯:৫৩ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:১৬
পেঁয়াজ নিয়ে চলমান সংকটকে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেছেন, দেশে এখন আলু উৎপাদন বেশি, পেঁয়াজ উৎপাদন কম। এর কারণ হচ্ছে, পেঁয়াজ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় না। ফলে মাঠ থেকে উত্তোলনের পর কম সময়ের মধ্যেই রান্নার কাজে লাগাতে হয়। এ সংকট থেকে বাঁচতে হলে বছরব্যাপী কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থাপনায় প্রযুক্তি সহায়তার কথা বলেছেন তিনি।
গ্রামীণ কর্মসংস্থানে প্রযুক্তির উন্নয়ন-সংক্রান্ত এক সেমিনারে শনিবার এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থার উন্নয়ন মেলা উপলক্ষে প্রতিদিনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়।
পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক ড. বিনায়ক সেন প্রমুখ।
ড. মসিউর রহমান আরও বলেন, কৃষি খাতে প্রযুক্তি সহায়তা দেওয়া সম্ভব না হলে এ খাতটি বেশিদূর এগোতে পারবে না। এ খাতের নতুন নতুন উদ্যোক্তাদের ঋণ সহায়তা পাওয়ার পরিবেশও তৈরি করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের আধুনিক চাষাবাদ এবং উৎপাদিত পণ্য সংরক্ষণে ঋণ সহায়তা দেওয়া দরকার। সমস্যা হচ্ছে, ব্যাংকগুলো নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে চায় না।
ড. কাজী খলীকুজ্জমান আহমদ কৃষিপণ্য সংরক্ষণ এবং ফসল রক্ষায় প্রযুক্তি এবং বীমা সহায়তার কথা বলেছেন। তার মতে, কয়েক বছর ধরে এ বিষয়ে প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।
- বিষয় :
- ড. মসিউর রহমান