সৌদিতে গৃহকর্মী নির্যাতন
পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ নারী সংগঠনের
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৮:১৬
সৌদি আরবে নারী গৃহকর্মীদের ওপর নির্যাতন, ধর্ষণ, হত্যা বন্ধ ও প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে কয়েকটি নারী সংগঠন।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল শেষে এ স্মারকলিপি পেশ করা হয়।
সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, নারীমুক্তির সভাপতি সীমা দত্ত, নারী সংহতির নেত্রী সুলেখা রহমান, বিপ্লবী নারী ফোরামের আহ্বায়ক আমেনা আক্তার, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী নীতি চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে নারী গৃহশ্রমিকদের দুঃসহ জীবন ও লাশ হয়ে দেশে ফেরার ঘটনা দেশবাসীকে ভীষণভাবে উদ্বিগ্ন করেছে। এ বছর জানুয়ারি থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ৮ মাসে ৮৫০ নারী সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন। এর মধ্যে আগস্ট মাসের ১ দিনেই ১০৯ জন ফিরেছেন। তাদের প্রায় প্রত্যেকেই শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার। তাদের ভাষ্যমতে, সৌদি আরবে একেকটি পরিবারে সদস্য ৩০ থেকে ৪০ জন। খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ করতে হয়। গভীর রাতেও কাজ শেষ হয় না।
