ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

মিরপুরে নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ১১:২৩

মিরপুরের পাইকপাড়া সরকারি কলোনির (ডি-টাইপ) প্রধান গেট দিয়ে ঢুকে রাস্তার বাঁপাশে পাঁচ নম্বর ভবন। এর পেছনে ছয় নম্বর ভবন। দুই ভবনের মাঝখানে ফাঁকা জায়গায় সেপটিক ট্যাঙ্কটির ঢাকনা খোলা প্রায় চার মাস ধরে। শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের জন্যই সেটি ঝুঁকিপূর্ণ। কলোনি কর্তৃপক্ষ ঢাকনা লাগানোর কোনো ব্যবস্থাই করেনি এতদিনে। ফলে অবধারিত দুর্ঘটনার শিকার হয়ে মো. রনি (১৭) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। নিখোঁজের পাঁচ দিনের মাথায় গতকাল রোববার সেপটিক ট্যাঙ্ক থেকে রনির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সেপটিক ট্যাঙ্কে ছেলের লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রনির মা সুকুরি বেগমসহ স্বজনরা। রনির পরিবার ও কলোনির বাসিন্দারা বলছেন, সরকারি এ কলোনি দেখভালের দায়িত্ব মিরপুর গণপূর্ত উপ-বিভাগ-৩-এর। প্রায় চার মাস ধরে রাস্তার পাশে সেপটিক ট্যাঙ্কটির ঢাকনা খোলা থাকলেও এ বিভাগের সংশ্নিষ্ট কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। তাদের গাফিলতির কারণেই রনির মৃত্যু হয়েছে।

তবে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খোলা থাকার কথা অস্বীকার করেছেন গণপূর্ত উপবিভাগ- ৩-এর উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসান। তার দাবি, ঢাকনা লাগানো ছিল। ঢাকনা লাগানো থাকলে ছেলেটি পড়ল কীভাবে- এমন প্রশ্নে তিনি বলেন, ওই কোয়ার্টারের ১২টি ভবনের ১২টি সেপটিক ট্যাঙ্কের সবগুলোর ঢাকনা লাগানো আছে। একটিও খোলা ছিল না।

উপ-প্রকৌশলী ঢাকনা লাগানো থাকার দাবি করলেও সরেজমিন ট্যাঙ্কের মুখ খোলা দেখা যায়। মুখ বেশ বড়। একজন মানুষ সহজেই ঢুকে পড়তে পারে তাতে। এর ভেতর ময়লাপানিও দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কোয়ার্টারের তিন নারী বলেন, তারা প্রায় চার মাস ধরে ঢাকনা খোলা অবস্থায় দেখছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রোকেয়া জানান, গত আগস্টের শুরুতে মশা নিধনের ওষুধ ছিটানোর সময় তিনি ওই ঢাকনা খোলা অবস্থায় দেখতে পান। সেই থেকেই সেটি খোলা ছিল।

রনির পারিবারিক সূত্রে জানা যায়, রনির বাবার নাম জহির। রনি কল্যাণপুর পোড়া বস্তিতে মা ও ভাইদের সঙ্গে থাকত। সে প্রতিবন্ধী। তার মা সুকুরি বেগম কলোনির মডেল একাডেমির পরিচ্ছন্নতা কর্মী। মায়ের সঙ্গে রনি প্রায়ই স্কুলে যেত। স্কুলটি ঘটনাস্থলের আনুমানিক একশ' গজ দূরে। গত বুধবার সন্ধ্যায় রনি বাসা থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়; কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন

×