শাহজালালে তৃতীয় টার্মিনাল নির্মাণ শুরু ২৮ ডিসেম্বর
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ আগামী ২৮ ডিসেম্বর শুরু হবে। এটি চালু হলে প্রতি বছর নতুন করে সেবার আওতায় আসবেন আরও ১২ মিলিয়ন বা এক কোটি ২০ লাখ যাত্রী।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। বিমানবন্দরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, তৃতীয় টার্মিনাল প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
চার বছরেই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে উল্লেখ করে মফিদুর রহমান বলেন, বর্তমানে বছরে প্রায় আট মিলিয়ন যাত্রীকে সেবা দেওয়া হচ্ছে। তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে সব মিলিয়ে ২০ মিলিয়ন বা দুই কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। এতে চাহিদামাফিক ফ্লাইট পরিচালনায় আর কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, নতুন টার্মিনাল হবে পুরোপুরি অটোমেটিক। সব সংস্থাকে প্রবেশাধিকার দেওয়া হবে। সেখানে ট্যানেল থাকবে ও গ্রাউন্ড হ্যান্ডলিং উন্নত হবে। এটি যেন টেকসই ও আন্তর্জাতিক মানের হয়, সে জন্য উপকরণের মান নিয়ে আপস করা হয়নি। জাইকার চাওয়া অনুযায়ী, উন্নত দেশের এয়ারপোর্টে যেসব উপকরণ লাগানো হয়েছে, সেই উপকরণ এখানেও লাগানো হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।
বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশই চায় বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে। আমরা দিতে পারছি না। তবে চাহিদা বাড়ায় শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম থেকে কিছু আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।
সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার অনুমতি নিয়ে ড্রোন পরিচালনা করা যাবে বলে জানান মফিদুর রহমান। তিনি বলেন, ড্রোন নীতিমালা তৈরি করা হয়েছে। অনুমতি নিয়ে সেটা পরিচালনা করতে হবে। কেউ চাইলে অনলাইনে চাহিদা দিতে পারবেন। তবে আবেদনের সঙ্গে কোথায় পরিচালনা করবেন এ বিষয়টি স্পষ্ট করতে হবে।
মতবিনিময়কালে বেবিচকের সদস্য (প্রশাসন) হাফিজুর রহমান, সদস্য (অর্থ) মিজানুর রহমান, সদস্য (নিরাপত্তা) শহীদুজ্জামান ফারুকী, সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর খালিদ হোসেন, সদস্য (এটিএম) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন জিয়াউল কবির, প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান, বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।