ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভর্তি বাণিজ্যে জড়িতদের খুঁজে বের করা হবে: দুদক চেয়ারম্যান

ভর্তি বাণিজ্যে জড়িতদের খুঁজে বের করা হবে: দুদক চেয়ারম্যান
×

ইকবাল মাহমুদ- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৯

শুধু ভর্তি বাণিজ্য নয়, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। ভর্তি বাণিজ্যে যে বা যারা জড়িত হবে বা হয়েছেন তাদের কঠিণ পরিণতি ভোগ করতে হবে। এ দুর্নীতিবাজদের তন্ন তন্ন করে খুঁজে বের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বিকেলে কমিশনের চেয়ারম্যান রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা ভর্তি বাণিজ্য বন্ধে তার বক্তব্য জানতে চান। বর্তমান সময়ে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য অলিখিত এক বাণিজ্য। এতে শিক্ষার্থীদের অভিভাবকরা অকারণে আর্থিক ক্ষতির শিকার হন।

জানা গেছে, এর আগেও দুদক কোচিং, ভর্তি বাণিজ্য বন্ধে কার্যক্রম চালিয়েছে। এবারও দুদক এ ক্ষেত্রে আরও কঠোর হবে বলে স্পষ্ট করেই বললেন ইকবাল মাহমুদ। চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ভর্তি বাণিজ্যের মতো অনৈতিক পাপকে নিষ্পাপ শিক্ষার্থীদের স্পর্শ করুক- তা হতে দেওয়া হবে না। নিয়মনীতির মধ্যে সব ধরনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে কমিশন জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে।

সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, কোচিং বাণিজ্য, নোট-গাইড বাণিজ্য বন্ধে কমিশন আরও কঠোর হবে। এসবের মাধ্যমে যে বা যারা অবৈধ সম্পদের মালিক হচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

আরও পড়ুন

×