এর আগে এত ভয়াবহ দগ্ধ রোগী দেখিনি: সামন্ত লাল সেন
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০২:২৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৩:১১
কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় দগ্ধ কর্মীদের অবস্থা দেখে বিস্মিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেনও। তিনি বলেন, '৪০ বছরের কর্মজীবনে দেশে আগুনে পোড়া যত রোগী দেখেছি তাদের মধ্যে এদের অবস্থা সবচেয়ে ভয়াবহ।’
শুক্রবার সকালে দগ্ধ রোগীদের অবস্থা জানাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা.সামন্ত লাল বলেন, ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে এমন রোগীও আছে, যাদের মুখ চেনা যায় না। ওখানে চিকিৎসাধীন ১০ জন রোগীর শ্বাসনালি ৬০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। আব্দুর রাজ্জাক নামের একজনের দেহের শতভাগ পুড়ে গেছে। এদের কেউই শঙ্কামুক্ত নন। সবাই লাইফ সাপোর্টে আছেন। তবে ঢামেকের বার্ন ইউনিটে যারা ভর্তি আছেন তারা সম্পূর্ণ শঙ্কামুক্ত। তাদের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা রোগীর স্বজনদের সবকিছুর আপডেট দিচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে চিকিৎসা যেন সঠিকভাবে হয় এবং ব্যয়ভার যেন সরকার বহন করে। সেভাবেই সব চলছে।’
