মানসম্পন্ন রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার চেষ্টা চলছে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৪ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ০৭:২৮
স্বাধীনতার পর পরিবহন ক্ষেত্রে রেলের অংশীদারিত্বসহ সেবাগ্রহীতা ও শ্রমিকের সংখ্যা কমেছে মন্তব্য করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানসম্পন্ন রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'নর্থবেঙ্গল জার্নালিস্ট ফোরাম'-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, স্বাধীনতার পর রেল, নদী ও সড়কপথে যে ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছিল সেখানে রেল বিভাগ ছিল ৩১ ভাগ পরিবহনের অংশীদার। এখন এটা কমে ১০ থেকে ১১ ভাগে নেমে এসেছে।
নূরুল ইসলাম সুজন বলেন, 'আমরা চেষ্টা করছি রেল বিভাগ যেন পরিবহনের ৩১ কিংবা ৩৫ ভাগ অংশীদার হতে পারে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, তার জন্য একটি মানসম্পন্ন রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর নির্দেশে পুরোনো সেতু ও লাইনগুলো সংস্কারের প্রকল্প নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য রেলকে দুর্ঘটনামুক্ত করা।'
তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ রেল বিভাগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে রেলে নজর না দেওয়ায় সংস্কারের অভাবে লাইন থেকে রেলের ইঞ্জিন বা বগি পড়ে যাওয়াসহ নানা দুর্ঘটনা ঘটছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মোদাব্বের হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
- বিষয় :
- রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন