১৪ শ্রমিকের মৃত্যুর জন্য সরকার দায়ী: চার সংগঠন
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে নিহতদের স্বজনের আহাজারিতে ঢামেক হাসপাতালের আকাশ ভারি ছিল -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৮
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে ১৪ শ্রমিকের মৃত্যুর ঘটনাকে 'হত্যা' আখ্যায়িত করে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন চার সংগঠনের নেতারা। তারা বলেন, এই শ্রমিক হত্যার জন্য কারখানা মালিক ও সরকার দায়ী। ভবন ধস ও আগুনে পুড়ে শ্রমিক মৃত্যুর কারণ জানা সত্ত্বেও কর্মস্থলে আজও শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্টের সভায় নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, খুলনায় অনশনরত পাটকল শ্রমিক আবদুস সাত্তারের মৃত্যু রাষ্ট্র কর্তৃক হত্যাকাণ্ড। শেখ হাসিনা সরকারের পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন না করা, বকেয়া মজুরি ও পাওনা ঝুলিয়ে রাখা এবং অনশনরত শ্রমিকদের আন্দোলন উপেক্ষা করার ফলে এই মৃত্যু ঘটেছে। এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে শ্রমিকদের নেতৃত্বে সংগ্রাম বেগবান করতে হবে।
চার সংগঠন ও জাতীয় মুক্তি কাউন্সিলের সমন্বয়ক ফয়জুল হাকিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
- বিষয় :
- কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানা
- আগুন
