ডেমরায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ১০:২২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ১১:০১
রাজধানীর ডেমরায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মুজাহিদুল ইসলাম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে।
শুক্রবার বিকেলে এ দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের ছাত্র ছিলেন।
ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান সমকালকে বলেন, ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নিহত তরুণের ভাই মোফাজ্জল হোসেন জানান, ডেমরার সালামবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন মুজাহিদুল। তাদের বাবা মাহফুজ মিয়া আগেই মারা গেছেন। শুক্রবার তার বন্ধু রায়হানসহ মোটরসাইকেলে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের ধাক্কায় তারা দু'জনই রাস্তার পাশে ছিটকে পড়েন। তবে রায়হানের আঘাত গুরুতর নয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মুজাহিদুলের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের পর লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- কলেজছাত্র নিহত
- ট্রাকের ধাক্কা
- ডেমরা
