ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

‘ভারতের তুলনায় বেশি সচেতন বাংলাদেশি আদিবাসীরা’

‘ভারতের তুলনায় বেশি সচেতন বাংলাদেশি আদিবাসীরা’
×

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মেসবাহ কামাল- সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ১০:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মেসবাহ কামাল বলেছেন, ভারতের আদিবাসীদের তুলনায় বাংলাদেশের আদিবাসীরা মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অনেক বেশি সচেতন; তারা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেন।

ঢাবির উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রে ‘ভারতবর্ষের আদিবাসী’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ, রাজস্থান ও মধ্যপ্রদেশের উপজাতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ‘অ্যানথ্রপোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র কর্মকর্তা ড. তিলক বাগচী। জনসংখ্যা গণনা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ডিরেক্টরেট অব সেনসাস অপারেশন্সের পরিচালক ড. পলাশ চন্দ্র কুমার।

অনুষ্ঠানে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহসান আলী ও সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরীন।

ড. তিলক বাগচী বলেন, ভারতে আদিবাসীদের বলা হয় জনজাতি। অথচ যাদের জনজাতি বলা হয় তাদের পরির্পূণ স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তাই তারা অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের সংস্কৃতি সংরক্ষণের কার্যক্রম হাতে নিয়েছে।

ড. আহসান আলী বলেন, এখন বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যেও উল্লেখযোগ্য হারে শিক্ষা বেড়েছে। কিন্তু তাদের অনেকেই লেখাপড়া শেষ করে চাষাবাদের কাজ বেছে নেন। কারণ এদেশের নাগরিক হলেও তারা অনেকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন। ঐক্যবদ্ধভাবে কিছু করার ক্ষমতা তাদের নেই।  

বাংলাদেশ এবং ভারত যৌথভাবে কাজ করলে উভয় দেশের আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষায় আরও সচেতন হবেন বলে মনে করেন ড. আহসান আলী।

ড. জোবাইদা নাসরীন বলেন, মানুষ যে সংস্কৃতি ধারণ করে সেটাই তার কাছে শ্রেষ্ঠ সংস্কৃতি। তাই আদিবাসীরাও তাদের সংস্কৃতিতে শ্রেষ্ঠ। তিনি বলেন, কাউকে পিছিয়ে রাখা যাবে না, আদিবাসীসহ সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন

×