প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন ৪ তরুণ লেখক
অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত তরুণ লেখকরা-সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০৭:১৮
কবিতা, উপন্যাস, গল্প ও ছড়ার পাণ্ডুলিপির জন্য পুরস্কার পেয়েছেন চার তরুণ লেখক। শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয় প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার প্রদান অনুষ্ঠান।
এ বছর ‘মাটি’ উপন্যাসের পাণ্ডুলিপির জন্য প্রিন্স আশরাফ, ‘বর পালালো’ ছড়ার পাণ্ডুলিপির জন্য জনি হোসেন কাব্য, ‘শেষ বিকেলের গল্প’ পাণ্ডুলিপির জন্য তন্ময় আলমগীর ও ‘উদ্বাস্তু মেঘের মিছিল’ কবিতার পাণ্ডুলিপির জন্য মাহমুদ হায়াত পুরস্কার পেয়েছেন।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় নগদ সম্মানী, চেক ও ক্রেস্ট। এ ছাড়া সম্মাননা দেওয়া হয় ২০১৮ সালে পাণ্ডুলিপি পুরস্কার বিজয়ীসহ প্রিয় বাংলার প্রায় ২০ জন লেখককে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। শিশু সাহিত্যিক আসলাম সানীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, মুক্তিযোদ্ধা, অধ্যাপক ও অভিনেতা জিয়াউল হাসান কিসলু, রম্যলেখক আহসান কবির এবং শিশু সাহিত্যিক মালেক মাহমুদ।
কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, তোমরাই আগামীর ভবিষ্যত। এ পুরস্কার তোমাদেরকে নানাভাবে অনুপ্রাণিত করবে। লেখালেখির জন্য এমন প্রেরণা খুবই গুরুত্বপূর্ণ।
নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত বলেন, প্রিয় বাংলা তরুণ লেখকদের এ স্বীকৃতি দিয়ে ভবিষ্যতের লেখকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এটি একটি অনন্য উদ্যোগ।
শিশু সাহিত্যিক আসলাম সানী বলেন, যারা পুরস্কার পেয়েছেন আশা করি তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারা আরও সম্মান লাভ করবেন।
রাসেদ রেহমান ও সালমা তালুকদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে প্রিয় বাংলা প্রকাশনীর প্রকাশক এস এম জসিম ভূঁইয়া বলেন, নিখুঁতভাবে পাণ্ডুলিপিগুলো বাছাই করা হয়েছে। স্পন্সর পেলে ভবিষ্যতে পুরস্কার বিজয়ী লেখকদের আরও বড় পরিসরে সম্মাননা ও সম্মানী দেওয়া হবে।
উল্লেখ্য, তিন বছর ধরে প্রিয় বাংলা প্রকাশনী প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- তরুণ লেখক
