ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আইনজীবীদের কল্যাণে সব সহযোগিতায় প্রস্তুত: আইনমন্ত্রী

আইনজীবীদের কল্যাণে সব সহযোগিতায় প্রস্তুত: আইনমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ১৩:০০

বর্তমান সরকার আইনজীবীদের কল্যাণে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে আইনজীবীদের পাঠাগারের জন্য ৩০ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিন উদ্দিন।

আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট বারের জন্য প্রধানমন্ত্রী ৩০ লাখ টাকা দিয়েছেন, এটিকে উপহার বলব। আর এটাই শেষ নয়। আগামী চার বছর ধরে প্রতিবছরই এ পরিমাণ (৩০ লাখ) অনুদান অব্যাহত থাকবে।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদেরই একজন। আইন পেশার সঙ্গে আমার এক পুরুষের সম্পর্ক নয়, এর সঙ্গে আমার দু-তিন পুরুষের সম্পর্ক। সুপ্রিম কোর্ট বারে যে পাঠাগার আছে, এটি এশিয়া মহাদেশের সব বারের চেয়েও সমৃদ্ধিশালী হওয়া উচিত।

মন্ত্রী বলেন, আইনজীবীদের বসার জায়গা প্রয়োজন, এটা আইনজীবী হিসেবে বুঝি। জায়গা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন ও আইনজীবী সমিতি যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে টাকার কোনো সমস্যা হবে না। আপনাদের প্রস্তাব যুক্তিসংগত হলে নিশ্চয় সেটা করা হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালত প্রাঙ্গণে সুন্দর পরিবেশ বজায় রাখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনজীবীদের বসার চেম্বারকে নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। আইনজীবীদের নেতৃত্বের পরিবর্তন হতে হবে। সরকার আপনাদের জন্য সবকিছুই করবে।

আরও পড়ুন

×