সবুজবাগে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ১৩:৩৭
রাজধানীর সবুজবাগে সরকারবাড়ি এলাকায় কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে তুলে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে ওই ঘটনার পর বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলাম পলাতক।
মেয়েটি স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে পুলিশকে জানিয়েছে, বাসায় ফেরার পথে জাহিদুল তাকে রাস্তা থেকে তুলে নেয়। একটি ঝোপের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা চালায়। মেয়েটি চিৎকার করলে সে পালিয়ে যায়।
গত ৫ জানুয়ারি কুর্মিটোলা এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে ঝোপের ভেতর ধর্ষণ করা হয়। ওই ঘটনা নিয়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে। এরই মধ্যে সবুজবাগে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠল।
ঘটনার শিকার ছাত্রীর বড় বোন হাসপাতালে জানান, জাহিদুল দীর্ঘদিন ধরে তার বোনকে উত্ত্যক্ত করে আসছে। তার বোনের ছবি এডিট করে আপত্তিকর ছবির সঙ্গে সংযুক্ত করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখাত সে। এজন্য অনেকদিন তার বোন কলেজেও যেতে পারেনি। সোমবার কোচিং সেন্টার থেকে বাসায় যাওয়ার পথে জাহিদুল তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। ধর্ষণচেষ্টার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে জাহিদুল পালিয়ে যায়।
সবুজবাগ থানার উপপরিদর্শক রিয়াজ উদ্দিন জানান, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের জখম রয়েছে। ধর্ষণের শিকার হয়েছে কি-না, তা পরীক্ষার জন্য তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত জাহিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
