ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

ক্যালসিয়াম বেড়ে গেলে বিপদ

ক্যালসিয়াম বেড়ে গেলে বিপদ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

ক্যালসিয়াম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ উপাদান। অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ওষুধ হিসেবে সেবন করেন। এটি ঠিক নয়। কারণ এটি কমে গেলে যেমন শারীরিক জটিলতা দেখা দেয়, তেমনি বেড়ে গেলেও শরীরে নানা সমস্যা সৃষ্টি হয়। রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে প্যারা থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন। আমাদের গলায় থাইরয়েড গ্রন্থির ওপরে এবং নিচে চালের মতো ছোট চারটি গ্রন্থি রয়েছে। এখান থেকেই নিয়ত নিঃসরণ হয় ক্যালসিয়াম নিয়ন্ত্রণকারী হরমোন। 
রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়ার পেছনে অসংখ্য কারণ রয়েছে। তার মাঝে অন্যতম প্রধান কারণ হচ্ছে প্যারা থাইরয়েড গ্রন্থির নিঃসরণ বেড়ে যাওয়া। এটিকে বলা হয় হাইপার প্যারা থাইরয়ডিজম। এ রোগটি পুরুষের তুলনায় নারীর দুই থেকে তিনগুণ বেশি হয়ে থাকে। কোনো কারণে এই গ্রন্থিতে টিউমার কিংবা ক্যান্সার হলে এমন ঘটনা হতে পারে। 
এছাড়া দীর্ঘদিন কিডনি বিকল হয়ে যাওয়ার কারণেও এমনটি হতে পারে। ভিটামিন-ডির আধিক্য, হজমের রোগ, জন্মগত কারণেও ক্যালসিয়াম বেড়ে যেতে পারে। ক্ষেত্রবিশেষে বিভিন্ন ধরনের ক্যান্সারে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। মাল্টিপল মায়েলোমা, স্তন ক্যান্সার ছাড়াও আরও অনেক ধরনের ক্যান্সারে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে। সুতরাং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ক্যালসিয়াম বেড়ে গেলে ক্ষুধা মন্দা, বমি ভাব, পেটে ব্যথা, পেটে অস্থিরতা, কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন প্রস্রাব, পিপাসা বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। অনেক রোগী হয়ে পড়ে হতাশাগ্রস্ত। তন্দ্রাচ্ছন্নতা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। প্যারাথাইরয়েড হরমোনের কারণে হাড় থেকে ক্যালসিয়াম চলে আসে রক্তে। হাড় ক্ষয় বেড়ে যায়। হাড়ের ভেতরে ফাঁকা গহবর সৃষ্টি হয়। হাড়ে এবং অস্থিসন্ধিতে ব্যথা হয়। হাড় দুর্বল হয়ে পড়ে। এমনকি সামান্য আঘাতে ভেঙে যেতে পারে। 
রক্তে ক্যালসিয়াম বেড়ে গেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা থাকে। এছাড়া কিডনিতে ক্যালসিয়াম ফসফেট জমে যায়। এটিকে বলে নেফ্রোক্যালসিনোসিস। এতে কিডনির কার্যক্রম ব্যাহত হয়। রক্তে ইউরিক এসিডের পরিমাণ বেড়ে যায়। কিডনিতে পাথর দেখা দিলে অবশ্যই ক্যালসিয়াম এবং ক্ষেত্রবিশেষে প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা জানা জরুরি। রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়ার কারণে তীব্র পানিশূন্যতা দেখা দিতে পারে। এমনকি এটি একটি জরুরি স্বাস্থ্য সংকট তৈরি করতে পারে। মনে রাখতে হবে ক্যালসিয়াম কমে যাওয়া কিংবা বেড়ে যাওয়া দুটোই বিপদ। 
[লেখক: মেডিসিন স্পেশালিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট]

আরও পড়ুন

×