ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পিছিয়ে পড়া মানুষ বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়

পিছিয়ে পড়া মানুষ বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৮:০০

বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প নেই। সমাজের পিছিয়ে পড়া ৪০ শতাংশ মানুষকে বাদ দিয়ে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস পলিসি অ্যান্ড কান্ট্রি সার্ভিসেস) এড মাউন্টফিল্ড গতকাল শরীয়তপুর জেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনকালে এমন মন্তব্য করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিকেএসএফ যা জানিয়েছে।

এড মাউন্টফিল্ড বলেন, ‘আমরা ক্ষুদ্র উদ্যোগে সহায়তা দেওয়ার পাশাপাশি, উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক মনোভাব সৃষ্টি এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করছি, যা তাদের উন্নয়নের মূল স্রোতে অন্তর্ভুক্তির পথ উন্মুক্ত করছে।’ মাঠপর্যায়ে বাস্তবায়নাধীন পিকেএসএফের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এসব কার্যক্রম দেখে তিনি মুগ্ধ।

এড মাউন্টফিল্ডের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্প এবং ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি )’-এর মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনে অন্যদের মধ্যে ছিলেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের; বিশ্বব্যাংকের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার উভিমানা বাসানিনিয়েনজি, প্রধান অর্থনীতিবিদ ও রেইজ প্রকল্পের টাস্ক টিমলিডার এস আমের আহমেদ, সিনিয়র সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট আনিকা রহমান এবং পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্ত্তী।

তারা রেইজ প্রকল্পের আওতায় তরুণ ও কভিড মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া শিক্ষানবিশ কর্মসূচির আওতায় ‘জীবন-দক্ষতা বিকাশ’ প্রশিক্ষণের একটি সেশন এবং শিক্ষানবিশদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি তারা পালং ইউনিয়নের নড়বালাখানা গ্রামে এসইপি প্রকল্পের সহায়তাপুষ্ট একটি কাঁসা-পিতলের তৈজসপত্রের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন

×