ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউনিলিভার বাংলাদেশের নতুন এমডি ও সিইও রুহুল কুদ্দুস খান

ইউনিলিভার বাংলাদেশের  নতুন এমডি ও সিইও  রুহুল কুদ্দুস খান
×

রুহুল কুদ্দুস খান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৪৯

দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রুহুল কুদ্দুস খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১ নভেম্বর এ দায়িত্ব গ্রহণ করবেন। 

সোমবার ইউবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রুহুল কুদ্দুস খান ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামের মাধ্যমে ট্রেইনি হিসেবে যোগ দেন। কর্মজীবনে ২৯ বছরের বেশি সময়জুড়ে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর এবং পরে হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিকস হিসেবে দায়িত্ব পালনকালে রুহুল ইউবিএলের সাপ্লাই চেইনকে উচ্চক্ষমতাসম্পন্ন ও ভবিষ্যৎ উপযোগী ব্যবস্থায় রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

ইউনিলিভারের পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ (পিটিএবি) ক্লাস্টারের প্রধান শাজিয়া সাইয়েদ বলেন, ‘রুহুল কুদ্দুস খান ব্যবসা রূপান্তরে নেতৃত্ব দেওয়া, কঠিন পরিস্থিতি দক্ষভাবে সামলানো এবং ব্যবসা ও পরিবেশে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাপ্লাই চেইন ও অপারেশনসে তাঁর গভীর দক্ষতা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে এ দায়িত্বের জন্য বিশেষভাবে প্রস্তুত করেছে। তাঁর নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ সবার প্রতিদিনের জীবনকে আরও আলোকিত করার যাত্রা অব্যাহত রাখবে।’  

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অধ্যায়ে প্রবেশ করে ইউনিলিভার বাংলাদেশ একটি লক্ষ্যনির্ভর ও ভবিষ্যৎ-উপযোগী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। 

আরও পড়ুন

×