ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আওয়ামী লীগ সরকারের সময় ১ কোটি কার্ড দেওয়া হয়

টিসিবির সক্রিয় ফ্যামিলি কার্ডধারী এখন ৬৬ লাখ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যাচাই-বাছাই শেষে ৪৩ লাখ কার্ড বাতিল করা হয়

টিসিবির সক্রিয় ফ্যামিলি কার্ডধারী এখন ৬৬ লাখ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

যাচাই-বাছাই শেষে এ পর্যন্ত প্রায় ৭৪ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব কার্ডের মধ্যে প্রায় ৬৬ লাখ সক্রিয় কার্ডের বিপরীতে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি খাদ্যপণ্য ডিলারের মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রি করছে রাষ্ট্র মালিকানাধীন সংস্থাটি। এদিকে ডিলারের পাশাপাশি পবিত্র রমজান মাস উপলক্ষে আজ মঙ্গলবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এক কোটি পরিবারকে কাগুজে কার্ড দিয়ে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হয়। তবে এসব কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। নানা যাচাই-বাছাই শেষে ৪৩ লাখ কার্ডধারীকে বাদ দিয়ে বাকি ৫৭ লাখ পরিবারের মধ্যে গত বছরের জানুয়ারি থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু করে অন্তর্বর্তী সরকার।

প্রথম ধাপে ৪১ লাখ ৫১ হাজার ১২টি কার্ড সরবরাহ করা হয়। দ্বিতীয় ধাপে আরও ৩২ লাখ ৮৫ হাজার ৩৬৭ কার্ড দেওয়া হয়। সব মিলিয়ে গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৭৪ লাখ ৩৬ হাজার ৩৭৯ কার্ড দেওয়া হয়েছে। তবে এসব কার্ডের মধ্যে প্রায় আট লাখ এখনও সক্রিয় হয়নি। অর্থাৎ ৬৬ লাখ ২৯ হাজার ৭৯৪টি সক্রিয় কার্ডের বিপরীতে এসব পরিবারকে ডিলারের মাধ্যমে প্রতি মাসে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল দেওয়া হচ্ছে। 

টিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রায় ৬৬ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ফেব্রুয়ারি মাসে প্রায় ৪৩ হাজার ৩০০ টন ও মার্চ মাসে প্রায় ৩৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যের ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে রোজা উপলক্ষে প্রতি কেজি ছোলা ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে পবে কার্ডধারীরা।
এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে আজ মঙ্গলবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছে টিসিবি। একজন ভোক্তা ১১৫ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল কিনতে পারবেন। ৮০ টাকায় কেনা যাবে এক কেজি চিনি। ৭০ টাকা কেজি দরে মসুর ডাল কেনা যাবে সর্বোচ্চ দুই কেজি। ছোলা এক কেজি কেনা যাবে। দাম পড়বে ৬০ টাকা। এ ছাড়া ১৬০ টাকা কেজি দরে খেজুর নেওয়া যাবে।

গতকাল টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১২ মার্চ পর্যন্ত সাশ্রয়ী মূল্যে এই পণ্য বিক্রি চলবে। প্রতিদিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি ও অন্য সাতটি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে এবং অবশিষ্ট ৫৫টি জেলায় পাঁচটি করে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাক থাকবে। 
প্রতিদিন ট্রাকপ্রতি ৪০০ জন নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির এই কার্যক্রম নেওয়া হয়েছে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি নির্দেশনায় স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান। এর পাশাপাশি ট্রাকে করে বিক্রির এই কার্যক্রম শুরু হচ্ছে।

আরও পড়ুন

×