চার দিনে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১২ হাজার টাকা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ২১:৪৮ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ২২:২৫
যুক্তরাষ্ট্র-ইসরাইয়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে অস্থির হয়ে উঠছে বৈশ্বিক স্বর্ণের বাজার। দাম বাড়ছে দেশের বাজারেও। সর্বশেষ মঙ্গলবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ৩২৪ টাকা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। এ নিয়ে টানা চার দিনে স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১২ হাজার ১৩ টাকা। দাম বাড়ানোর তথ্য জানিয়ে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
চলতি সপ্তাহের শনিবার সকালে ও রাতে দুই দফা দাম বাড়ানো হয় স্বর্ণের। দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়, তা কার্যকর হয় গত রোববার থেকে। এরপর গত সোমবার বাড়ানো হয়। সর্বশেষ মঙ্গলবার আবার বাড়ল দাম। গত সপ্তাহেও দুই দফায় দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সে কারণে দাম বাড়ানো হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ৩ হাজার ৯১ টাকা বেড়ে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা ও ২ হাজার ৬৮২ টাকা বেড়ে ১৮ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা। বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
গত জানুয়ারির শেষ দিক থেকেই দেশের বাজারে স্বর্ণের দামে অস্থিরতা শুরু হয়েছে। গত ২৯ জানুয়ারি প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
- বিষয় :
- স্বর্ণের দাম
- স্বর্ণ
