ইসলামী ব্যাংক গ্রাহকদের আন্দোলন চতুর্থ দিনে গড়াল
রাজধানীর মতিঝিলে গতকাল বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফােরামের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের ১ ঘণ্টার কলমবিরতির আহ্বান জানিয়ে মানববন্ধন করা হয় -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলসহ ৭ দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করেছে সচেতন গ্রাহক ফোরাম। গতকাল বৃহস্পতিবার প্রধান কার্যালয়সহ সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি দেওয়া হয়। তবে ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন বলেন, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দিক থেকে কলম বিরতির কোনো নির্দেশনা নেই। কেউ সেবা না দিয়ে এরকম কর্মসূচি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গত ২৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর খুরশীদ আলম ডেপুটি গভর্নরের পদ হারান।
জানা গেছে, কর্মসূচি চলাকালে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা নিজ নিজ ডেস্কে উপস্থিত ছিলেন। গ্রাহকের উপস্থিতি ছিল খুব কম। আবার কোনো কোনো শাখায় সার্ভার ডাউন আছে এমন কথা বলে কলমবিরতির সময় অনেক গ্রাহককে ফিরিয়ে দেওয়া হয়।
চলমান আন্দোলনের বিষয়ে ভারপ্রাপ্ত এমডি আরও বলেন, নানা কারণে টাকা তোলার চাপ আছে। তবে সেটি এখনও সহনীয় পর্যায়ে রয়েছে। যদিও সেটি অন্যান্য সময়ের তুলনায় বেশি। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।
জানা গেছে, আন্দোলনের কারণে খুরশীদ আলম এখন পর্যন্ত ব্যাংকে ঢুকতে পারেননি। ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বসুন্ধরায় তাঁর বাসার সামনে পুলিশ দেওয়া হয়েছে। আবার ইসলামী ব্যাংকের সামনেও সার্বক্ষণিক পুলিশ পাহারা রয়েছে।
সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক সাংবাদিকদের বলেন, ইসলামী ব্যাংককে পুরোপুরি ধ্বংস করতে এস আলমের ঘনিষ্ঠ খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তাকে প্রত্যাহার না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, সচেতন গ্রাহক ফোরামের দাবির প্রতি সংহতি জানিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করেছেন।
- বিষয় :
- ইসলামী ব্যাংক
