পিকেএসএফ আগামী অর্থবছরে ৪৫ শতাংশ অর্থায়ন বাড়াবে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ আগামী অর্থবছরে ১৬ হাজার কোটি টাকা অর্থায়ন করবে। চলতি অর্থবছরের চেয়ে যা ৪৫ শতাংশ বেশি। গতকাল মঙ্গলবার পিকেএসএফের সাধারণ পর্ষদ সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও বার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে বরাদ্দকৃত প্রণোদনা তহবিল কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ খাতে অতিরিক্ত পাঁচ হাজার কোটি টাকা বিতরণের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রচলিত অর্থায়নের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, ব্লেন্ডেড ফাইন্যান্সিং, ক্রিয়েটিভ ইকোনমি এবং জলবায়ু অভিযোজনভিত্তিক উদ্যোগের মাধ্যমে টেকসই কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি জোরদার করা হবে।
পিকেএসএফ জানায়, নতুন অর্থবছরে শুধু অর্থায়ন নয়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, উদ্যোক্তা বিকাশ এবং বাজার সংযোগ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক গবেষণা কার্যক্রম জোরদার করা হবে। পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দুটি সভাতেই ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, পর্ষদ সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী এবং ড. মো. তৌফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।
- বিষয় :
- অর্থনীতি
