প্রশাসন-ব্যবসায়ী যোগসাজশ থাকলে আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৯:৪৪
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, আগামী ১০ বছরে মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হতে রাজস্ব-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে হবে। তবে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যকার যোগসাজশ থাকলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। গতকাল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ক্লাব আয়োজিত সেমিনারে মূল বক্তা ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। আরেক আলোচক ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক।
সাবেক গভর্নর বলেন, করের সর্বোচ্চ হার ২০ শতাংশ হওয়া উচিত। এর বেশি হলে মানুষ কর দিতে নিরুৎসাহিত হন, সম্পদ লুকিয়ে রাখে। করের হার বাড়িয়ে আদায় বাড়ানোর চিন্তা ভুল। তাঁর মতে, এলডিসি থেকে উত্তরণ পেছানোর চিন্তা সঠিক নয়।
ড. ফরাসউদ্দিন বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দিয়েই তিস্তা ব্যারাজের মতো প্রকল্প করা সম্ভব। বিদেশি অর্থায়নের দরকার নেই। প্রবাসীদের থেকে অর্থ নেওয়ার সময় বলতে হবে, প্রথম তিন বছর কোনো মুনাফা দেওয়া হবে না। এর পরের বছর থেকে ১২ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। অনেক দেশে সেতু-রাস্তা এভাবে করা হচ্ছে। লাভজনক হওয়ার কারণে অনেক বিনিয়োগকারী আগ্রহ দেখান।
তিনি বলেন, অর্থনীতির আকার বিবেচনায় এবারের বাজেট অন্তত ১৪ লাখ কোটি টাকা বা জিডিপির ২০ শতাংশ হওয়া উচিত ছিল। অথচ জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ বাজেট নিয়েও ঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা, তা নিয়ে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তাদের চেয়ে বাংলাদেশের জিডিপি, মাথাপিছু আয়ও বেশি। উৎপাদনই যথেষ্ট নয়। বণ্টনমূলক ন্যায়বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭২ সালে বৈষম্যের সূচক শূন্য দশমিক ৩২ থেকে এখন শূন্য ৫০ হয়। এর অর্থ হলো– আমরা উল্টো পথে হাঁটছি।
ফরাসউদ্দিন মনে করেন, সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মদিবস করলে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় হবে। জ্বালানি সংকট নিরসনে সৌরবিদ্যুতে জোর দিতে হবে। আর গ্যাস সমস্যার সমাধানে বাসাবাড়িতে সংযোগ না দিয়ে সবাইকে সিলিন্ডার ব্যবহারে বাধ্য করতে হবে।
- বিষয় :
- ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
