নস্ট্রো অ্যাকাউন্টের লেনদেন
ছয় ব্যাংকে বিশেষ পরিদর্শনে কেন্দ্রীয় ব্যাংক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:০২
| প্রিন্ট সংস্করণ
ছয় ব্যাংকের ট্রেজারি ও আইটি বিভাগের কার্যক্রমের ওপর বিশেষ পরিদর্শন করছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার আলাদা ছয়টি টিম গঠন করে কাজ শুরু হয়েছে। ব্যাংকগুলো হলো– সোনালী, জনতা, অগ্রণী, ব্র্যাক, প্রাইম ও এইচএসবিসি। রাষ্ট্রীয় মালিকানার একটি ব্যাংকের বৈদেশিক পরিশোধ নিয়ে অনিয়মের অভিযোগে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, ব্যাংকগুলোর আন্তর্জাতিক বাণিজ্য, রেমিট্যান্সসহ বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য দেশের বাইরে খোলা ‘নস্ট্রো’ অ্যাকাউন্টের লেনদেন যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখা এই পরিদর্শনের অন্যতম লক্ষ্য। নস্ট্রো হিসাবে জমা, পরিশোধ ও স্থিতিসহ যাবতীয় লেনদেন দেখা হচ্ছে। সন্দেহজনক ক্ষেত্রে কোনো গ্রাহকের অনুকূলে পরিশোধ করা হয়েছে, তার নামে ঋণ সৃষ্টি করা হয়েছে কিনা সে তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানার একটি ব্যাংক একজন গ্রাহকের অনুকূলে নস্ট্রো অ্যাকাউন্ট থেকে পরিশোধ করলেও তার নামে ঋণ সৃষ্টি করেনি এমন তথ্য পায় কেন্দ্রীয় ব্যাংক। পরে পরীক্ষামূলকভাবে আরও কয়েকটি ব্যাংকে একই বিষয়ে পরিদর্শন হচ্ছে।
পরিদর্শনের আওতায় থাকা বেসরকারি একটি ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক যে কোনো ইস্যুতে যে কোনো সময় পরিদর্শনে আসতে পারে। তবে ‘নস্ট্রো’ হিসাব থেকে পরিশোধ করে গ্রাহকের নামে দায় সৃষ্টি না করার সুযোগ থাকার কথা না।
- বিষয় :
- ব্যাংক