টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন অধ্যাপক ড. সেলিম রায়হান
অধ্যাপক ড. সেলিম রায়হান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৯:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোমবার অনুষ্ঠিত টিআইবির ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তিনি প্রথমবারের মতো সদস্য হিসেবে অংশ নেন। আগামী তিন বছর তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ড. সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাটিং এজ অফ ডেভেলপমেন্ট থিঙ্কিং কর্মসূচির একজন অ্যালামনাই।
টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্টি বোর্ড সংস্থাটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বর্তমানে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’র উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন দ্য ডেইলি স্টার-এর প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম। এছাড়া বোর্ডের সদস্যরা হলেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।
- বিষয় :
- টিআইবি