রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চায় বিসিক
যানবাহন নবায়নে জটিলতা
জসিম উদ্দিন বাদল
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৭:৫৮ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) ৩৮টি যানবাহনের কাগজপত্র নবায়ন। এ পরিস্থিতিতে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন করেছে সংস্থাটি।
বিসিকের দাবি, সরকারি তহবিলে পরিচালিত অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে তাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই। কিন্তু করপোরেশনকে কোম্পানি হিসেবে শ্রেণিভুক্ত করায় এ জটিলতা তৈরি হয়েছে। এরই মধ্যে কয়েকটি গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী জরিমানা আরোপের নোটিশও পেয়েছে বিসিক। এনবিআরের চেয়ারম্যানের কাছে সম্প্রতি পাঠানো বিসিকের চিঠিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
চিঠিতে বিসিক জানায়, এনবিআরের কৃত্রিম ব্যক্তিসত্তার সংজ্ঞায় বিসিককে কোম্পানির মর্যাদাভুক্ত করে উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠানে উন্নীত করা হয়। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ১২ জুন বিসিকের অনুকূলে টিআইএন গ্রহণ করা হয়। তবে আয়কর অনুযায়ী, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থা, যাদের সরকার থেকে প্রাপ্ত তহবিল ও সুদ আয় ছাড়া অন্য কোনো আয় নেই, তাদের ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। বিসিক যেহেতু অলাভজনক, সেবামূলক এবং সম্পূর্ণ সরকারি তহবিলে পরিচালিত হয়, তাই এই বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটির রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। অতএব বিসিক আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি পাওয়ার যোগ্য।
চিঠিতে আরও বলা হয়, আয়করসংক্রান্ত জটিলতার কারণে যানবাহনগুলোর ফিটনেস নবায়ন আটকে গেছে। টিওঅ্যান্ডইভুক্ত (টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট) ৩৮টি যানবাহনের কাগজপত্র ২০২৩ সাল থেকে নবায়ন করা যাচ্ছে না। এর মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে কয়েকটি গাড়ির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জরিমানা আরোপ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ডিএমপি।
বিসিকের চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে এর আগেও এনবিআরকে চিঠি দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। তাই আবারও এনবিআরের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। আয়কর আইনের সংশ্লিষ্ট বিধান বিবেচনায় নিয়ে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
এ ব্যাপারে বিসিকের লজিস্টিকস বিভাগের উপমহাব্যবস্থাপক সামিউল ইসলাম সমকালকে বলেন, এখন পর্যন্ত তিন দফায় চিঠি দেওয়া হয়েছে। সরাসরি গিয়ে এনবিআরের সংশ্লিষ্ট শাখায় এ-সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। কোনো সুরাহা হয়নি।
তিনি বলেন, এনবিআরের যুক্তি–এ ধরনের অব্যাহতি পেতে হলে আইনে তপশিলভুক্ত করতে হবে। সম্প্রতি দেখা গেছে, রেলওয়ে বিভাগ তপশিলভুক্ত না হয়ে এ ধরনের সুবিধা পেয়েছে। তাই রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবারও এনবিআরে চিঠি পাঠানো হচ্ছে।
এনবিআরের করনীতি বিভাগের সদস্য ছাবিনা ইয়াসমিন বলেন, এ ব্যাপারে তিনি অবগত নন। তবে আইনে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই বিসিক রিটার্ন দাখিল থেকে অব্যাহতি পাবে। বিষয়টি খতিয়ে দেখবেন বলেন জানান তিনি।
- বিষয় :
- বিসিক
- রিটার্ন দাখিল