স্থাপত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছে আইএবি
গত বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হােটেলে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আয়ােজিত অনুষ্ঠানে আইএবি অ্যাওয়ার্ডপ্রাপ্তরা ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫’ দিয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন, গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইন পেশাজীবী, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫, আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৫ এবং আইএবি থিসিস অ্যাওয়ার্ডস ২০২৫-এর আওতায় বিভিন্ন বিভাগে মোট ১০টি পুরস্কার ও ১০টি বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।
স্থাপত্য বিভাগে একক আবাসিক ভবন ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের প্রকল্প ‘রিয়াজ রেসিডেন্স’। গবেষণা ও প্রকাশনা বিভাগে গবেষণার জন্য পুরস্কার পেয়েছেন স্থপতি মো. আশিকুর রহমান জোয়ার্দার। প্রকাশনায় পুরস্কার পেয়েছেন স্থপতি তানজিল শফিক, স্থপতি কাজী ফাহিমা নাজ, মো. আশিকুর রহমান জোয়ার্দার, স্থপতি সুব্রত চন্দ্র শিকদার ও স্থপতি সাজিয়া শোয়েব। ইন্টেরিয়র ডিজাইন বিভাগে আবাসিক ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে জুবায়ের হাসান আর্কিটেক্টসের প্রকল্প ‘কবিতা কুঞ্জ’। অন্যদিকে, ফ্রেমওয়ার্কের ‘স্যার ফজলে হাসান আবেদ নলেজ হাব’ প্রকল্পটি কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং ফার্নিচার ডিজাইন– এ দুটি ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে।
- বিষয় :
- স্বীকৃতি