ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ক্রিয়েটিভ ওয়াশসহ ৮ প্রতিষ্ঠান পেল অ্যাক্রেডিটেশন সনদ

ক্রিয়েটিভ ওয়াশসহ ৮ প্রতিষ্ঠান পেল অ্যাক্রেডিটেশন সনদ
×

সোমবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কাছ থেকে অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ১৪:০১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ১৪:১৬

হা-মীম গ্রুপের ক্রিয়েটিভ ওয়াশ লিমিটেডসহ আট প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ দিয়েছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএবির মহাপরিচালক মনোয়ারুল ইসলাম। সনদ পাওয়া প্রতিষ্ঠানের পক্ষে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির ও টুভ সুড বাংলাদেশের কান্ট্রি প্রধান সতীশ কুমার সমুরাজ বক্তব্য দেন। অনুষ্ঠানে হা-মীম গ্রুপের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আলী মণ্ডল, ক্রিয়েটিভ ওয়াশের নির্বাহী পরিচালক এনামুল হক, হেড অব ল্যাব সায়েদাত হোসেন, ব্যবস্থাপক শহিদুল ইসলামসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও/আইইসি) মান অনুযায়ী বিভিন্ন দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের পরীক্ষাগার ও গবেষণাগার এবং সার্টিফিকেশন সংস্থার অনুকূলে অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) সনদ দিয়েছে বিএবি। সনদ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ক্রিয়েটিভ ওয়াশ, ওটিএস, টুভ সুড বাংলাদেশ, ল্যাবরাইট বাংলাদেশ, মডার্ন টেস্টিং সার্ভিসেস (বিডি), নোমান টেরি-টাওয়েল টেস্টিং ল্যাবরেটরি এবং চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার ও সার্টিফিকেশন সংস্থা কেজিএস কোয়ালিটি অ্যাকশন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, শিল্পপণ্য ও সেবার গুণগতমানের বিষয়ে সরকার কখনও আপস করেনি, ভবিষ্যতেও করবে না। গুণগত শিল্পায়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বিএবি ইতোমধ্যে অংশীদারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। যেসব খাতে অ্যাক্রেডিটেশন সনদ দিতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ইস্যু বিবেচনাধীন, সেগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন মন্ত্রী।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিএবি এ পর্যন্ত ৮০টি দেশি ও বহুজাতিক পরীক্ষাগার, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান এবং পরিদর্শন সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ দিয়েছে। দেশের উন্নয়নে এসব প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ করে যাচ্ছে। সনদ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে মান ধরে রাখার পরামর্শ দেন তিনি। শিল্প সচিব বলেন, এই সনদ দিয়ে প্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরি বা পরীক্ষাগারের মানের স্বীকৃতি দেওয়া হয়েছে। সনদ পাওয়া প্রতিষ্ঠানগুলো এই মানদণ্ড ধরে রেখে সামনে এগিয়ে যাবে। বিএবির মহাপরিচালক বলেন, দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিষ্ঠানগুলোকে সনদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর দেওয়া সনদ বিশ্বের সব দেশ গ্রহণ করতে বাধ্য।

এ. কে. আজাদ বলেন, ক্রিয়েটিভ ওয়াশ দীর্ঘদিন পরে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে। এর আগে এ গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পণ্যের মান সনদ পেতে বিদেশি একটি কোম্পানিকে দেড় কোটি টাকা দিতে হতো। এখন অ্যাক্রেডিটেশন সনদ পাওয়ায় এ টাকা দেশে থাকবে। রপ্তানিতে হা-মীম গ্রুপের সক্ষমতা বাড়বে। তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অনেক লোকসানি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো বেসরকারি খাতে দেওয়া উচিত। তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করে একটি ব্যাংক গঠনের সুপারিশ করেন।

এ. কে. আজাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী বলেন, ব্যাংকগুলোকে একীভূত করার প্রয়োজন হলে সরকার করবে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এ বিষয়ে আলোচনা করছেন। এখন ব্যবসা ও শিল্পের উন্নয়নে এক অঙ্কের সুদহারে ঋণ দিতে পদক্ষেপ নিচ্ছেন। শিল্প প্রতিমন্ত্রী বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের লোকসানি প্রতিষ্ঠানকে লাভজনক করতে সরকার কাজ করছে।

এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান বলেন, বিএবি এই সনদ দেওয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতও সেবা দিতে সক্ষম হবে। সনদ পাওয়া প্রতিষ্ঠান বাড়লে সঠিক সেবা দেওয়া সম্ভব হবে। এতে দেশ অনেক অংশে লাভবান হবে। টুভ সুডের বাংলাদেশের কান্ট্রি প্রধান বলেন, বিএবির কার্যকর অডিটের মাধ্যমে পরীক্ষাগারগুলোর স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই অডিটের মাধ্যমে ল্যাবগুলোর অনেক মানোন্নয়ন হয়েছে। এ কারণে এসব পরীক্ষাগারের সনদ বিশ্বস্বীকৃত হবে।

আরও পড়ুন

×