মাহির উদ্যোগে ফুটবল ম্যাচ
মাহিয়া মাহি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০০:০৬ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৩১
অভিনয় ছাড়াও খেলাধুলায় দুর্বলতা আছে মাহিয়া মাহির। এবার সেটিই জানিয়ে দিলেন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে।
মাহি জানান, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট হবে রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায়। ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আগামী ৪ মার্চ সকালে এর উদ্বোধন হবে। উদ্বোধন আয়োজনে অংশ নেবেন তিনি। পরের দিন ৫ মার্চ বিকেলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা।
তিনি আরও জানান, দুই দিনের এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবে স্বেচ্ছাসেবক সংগঠন 'স্বপ্ন'।
এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, অভিনয়ের মতো খেলাধুলার প্রতি আলাদা একধরনের দুর্বলতা আছে। আসল কথা হলো, খেলাধুলার প্রতি এই দুর্বলতা ক্রমাগত বেড়েই চলেছে। সময় পেলেই ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখতে টিভির সামনে বসে যাই। কখনও কখনও স্টেডিয়ামে গিয়েও খেলা দেখি। খেলার প্রতি এই ভালো লাগা এবং মুজিববর্ষ সামনে রেখে এবার তাই একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলাম। আমার বিশ্বাস, আঞ্চলিক এই টুর্নামেন্ট থেকে অনেকের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়বে।
- বিষয় :
- মাহিয়া মাহি
- মুজিববর্ষ
- ফুটবল টুর্নামেন্ট
