ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আজকের শিল্পী

কেবল বিনোদনের জন্য এটা করিনি: অমিতাভ রেজা

কেবল বিনোদনের জন্য এটা করিনি: অমিতাভ রেজা
×

অমিতাভ রেজা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ১১ মে ২০২০ | ০২:০৮

অমিতাভ রেজা চৌধুরী। স্বনামধম্য পরিচালক। সম্প্রতি 'ঘরে বসে আয়নাবাজি' নামের নতুন এক ওয়েব সিরিজ নির্মাণ শুরু করেছেন তিনি। করোনাভাইরাস নিয়ে জনসচেতনায় নির্মিত এ ওয়েব সিরিজ ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে -

'ঘরে বসে আয়নাবাজি' ওয়েব সিরিজের পরিকল্পনা মাথায় এলো কীভাবে?

ঘরে বসেই এর পরিকল্পনা মাথায় এসেছে। 'আয়নাবাজি' ছবির অভিনেতা-অভিনেত্রী এবং ক্যামেরার পেছনের মানুষগুলোর সঙ্গে আড্ডা আর বিভিন্ন সময় কথা বলতে গিয়েই মনে হয়েছে, এখন কিছু করা উচিত। সে ভাবনা থেকেই সাড়ে তিন বছর পর 'আয়নাবাজি' ছবির তিন অভিনেতা-অভিনেত্রী চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ূয়ার সঙ্গে বৈঠকে বসেছি। বৈঠক হয়েছে যার যার ঘর বসে। বিশ্বজুড়ে করোনার যে মাহামারি, তার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এবং ঘরবন্দি মানুষের জন্য কিছু করা যায় কিনা তা নিয়েই আমরা কথা বলেছিলাম। সেখান থেকেই মাথায় আসে 'আয়নাবাজি' আয়না, হূদি ও সাবেরকে আবার কীভাবে পর্দায় তুলে ধরা যেতে পারে। যার যার ঘরে থেকেই শুটিং করবে এবং পুরো কাজ হবে ঘরে বসে- এই পরিকল্পনায় সাড়া দেয় পার্থ, চঞ্চল, নাবিলা তিনজনই।

নিজ বাসায় থেকে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা অভিনব। কিন্তু এর জন্য জনপ্রিয় সিনেমার চরিত্রগুলোকে নির্বাচন করার কারণ কী?

যুগে যুগে পর্দার জনপ্রিয় চরিত্র মানুষকে বিভিন্ন সময় নানাভাবে প্রভাবিত করেছে। যেজন্য জনপ্রিয় কাহিনী ও চরিত্রকে নিয়ে জনসচেতনতামূলক কাজ করেন অনেকে। এর কারণ মানুষ কিছু গল্প ও চরিত্রের মুখে শোনা কথা জীবনে মঙ্গল বয়ে আনবে বলে বিশ্বাস করে। আমরাও তাই প্রিয় চরিত্র দিয়ে মানুষকে সচেতন করতে চেয়েছি। 'আয়নাবাজি' ছবিটিও মানুষের মনে গেঁথে রয়েছে। তাই এর জনপ্রিয় তিন চরিত্র 'আয়না', 'হূদি' ও সাংবাদিক সাবেরকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা। এই চরিত্রগুলো যেন এবার মানুষকে সচেতন করতে পারে, সেটাই লক্ষ্য।

কত পর্ব পর্যন্ত 'ঘরে বসে আয়নাবাজি' সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছেন?

আপাতত তিন পর্ব নির্মাণের পরিকল্পনা আছে। নাসিফ ফারুক আমিনের লেখা গল্পও তিন পর্বের জন্য। এরপরও যদি মনে হয় পর্ব বাড়ানো উচিত, তাহলে পরে সেটা নিয়ে ভাবব।

'আয়নাবাজি'র তিন চরিত্রের বাইরেও কী অন্য চরিত্রের দেখা মিলবে?
তার কোনো সম্ভাবনা নেই। অন্তত যে তিন পর্ব নির্মাণ করছি, সেখানে শুধু আয়না, হূদি আর সাবেরকে দেখা যাবে। এটা তো কেবল বিনোদনের জন্য নয়, বৈশ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ওয়েব সিরিজ নির্মাণ।

এবার অন্য প্রসঙ্গে আসি, 'রিকশাগার্ল'-এর পর নতুন কোনো ছবি নির্মাণের কথা কি ভেবেছিলেন ?

শুধু ভেবেছি তা নয়, নির্মাণের প্রস্তুতিও নেওয়া শুরু করেছিলাম। কিন্তু এখন তা থেমে আছে। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলেও সবকিছু আবার নতুন করে শুরু করতে পারব।

আরও পড়ুন

×