সাবেক স্ত্রীর বিরুদ্ধে জনির নতুন অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ২২:১৬
হলিউডের অন্যতম আলোচিত জুটি অ্যাম্বার হার্ড ও জনি ডেপের সম্পর্ক এখন অতীত। এই সাবেক জুটির সম্পর্ক এমনই তিক্ত অবস্থায় দাঁড়িয়েছে যে, প্রায়ই দু'জন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন। সম্প্রতি আবারও জনি ডেপ অভিযোগ তুলেছেন সাবেক স্ত্রীর বিরুদ্ধে। শুধু তাই নয়, পাশাপাশি প্রভাবশালী ম্যাগাজিন 'দ্য সান'-এর বিরুদ্ধেও করেছেন মানহানির মামলা।
ডেপের অভিযোগ, অ্যাম্বার কৌশলে বিভিন্ন ম্যাগাজিনে মিথ্যা বক্তব্য দিয়েছে। যে কারণে সবার কাছে জনি ডেপ এখন ভিলেন। 'দ্য সান' ম্যাগাজিনে অ্যাম্বার প্রথম অভিযোগ করেছিলেন, 'জাস্টিস লিগ' ছবিতে তিনি যেন অভিনয় করতে না পারেন, সে জন্য জনি সে সময় উঠেপড়ে লেগেছিলেন। শুধু এ ছবিই নয়, আগেই চুক্তিবদ্ধ হওয়া 'জাস্টিস লিগ'সহ আরও বেশক'টি বড় ছবিতে যেন অ্যাম্বার অভিনয় না করেন, সে জন্য জনি এসব ছবির প্রযোজকদের অনুরোধও করেছিলেন। পাশাপাশি জনি নাকি প্রায়ই অ্যাম্বারকে শারীরিকভাবে প্রহার করতেন। এসব ঘটনায় পর ম্যাগাজিনটি জনি ডেপকে 'স্ত্রী প্রহারকারী' হিসেবে ফিচার প্রকাশ করে। এ কারণে জনি ম্যাগাজিনটির সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে দীর্ঘদিন ধরেই সাবেক স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছিলেন ডেপ। এবার সেই তালিকায় যুক্ত হলো 'দ্য সান'-এর নাম। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। কিন্তু ২০১৬ সালে অ্যাম্বার হার্ডের জন্মদিনে জনি ডেপ দুই ঘণ্টা দেরি করে আসেন। দু'জনের কথা কাটাকাটি হয়। জনি রাগ সহ্য করতে না পেরে অ্যাম্বারকে ঘুষি মারেন। এ ঘটনার পর বিয়ে বিচ্ছেদের জন্য আবেদন করেন অ্যাম্বার। ২০১৭ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ হয়।
- বিষয় :
- জনি ডেপ
- বিনোদন
- হলিউড
- অ্যাম্বার হার্ড