ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চীনের সাংহাই উৎসবে বাংলা ভাষার ছবি

চীনের সাংহাই উৎসবে বাংলা ভাষার ছবি
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০১:৩০ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ০১:৪০

ঢাকা ও কলকাতার যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’ চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। এ তথ্য সমকালকে নিশ্চিত করেছেন প্রযোজক জসীম আহমেদ।

ছবিটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। গেল ১৩ থেকে ২২ জুন হওয়ার কথা ছিল সাংহাই উৎসবের ২৩তম আসর। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তা স্থগিত করা হয়। অবশেষে আগামী ২৫ জুলাই উৎসবটির উদ্বোধন হতে যাচ্ছে। প্রথম দিনেই এসএফসি সাংহাই ফিল্ম আর্ট সেন্টারের হল থ্রি’তে দেখানো হবে ‘মায়ার জঞ্জাল’। এছাড়া ২৯ জুলাই ও ১ আগস্ট ছবিটির আরও দুটি প্রদর্শনী হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে।

চিংহাই প্রদেশের শিনাংয়ে এটি চলবে ৩ আগস্ট পর্যন্ত। সেখানে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনের অন্যান্য জায়গার তুলনায় কম। ছবিটির প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগের প্রধান ইমেইলে খবরটি নিশ্চিত করেন। এরপর তো ডিসিপি ডেলিভারিসহ অন্যান্য আনুষ্ঠানিকতার পেছনে বেশ ব্যস্ততা গেছে। তবে আমরা খুব আনন্দিত যে, এ-গ্রেডের তালিকাভুক্ত একটি উৎসবে আমাদের ছবিটির প্রিমিয়ার হতে যাচ্ছে। এবার দর্শককে আবারও সিনেমায় ফিরিয়ে নেওয়ার পালা!’

যেকোনও উৎসবের নির্বাচিত ছবি চূড়ান্তভাবে পর্যালোচনা করেন সাধারণত বিভিন্ন দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সাংহাইয়ের এবারের আসরে কোনও আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো যাচ্ছে না। তাই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছবিগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিসিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে।

সাধারণত এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্যকার ও সেরা চিত্রগ্রাহক বিভাগে পুরস্কার দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার অফিসিয়াল সিলেকশন হিসেবে সম্মান জানানো হচ্ছে নির্বাচিত প্রতিটি ছবিকে। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ‘ডেব্রি অব ডিজায়ার’-এর প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীদের সাংহাইতে আমন্ত্রণ জানাতে পারছেন না আয়োজকরা। তবে উৎসব চলাকালীন ছবিটির প্রচারণা চালাবেন তারা।

১৯৯৩ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সৃজনশীলতা, নবীনদের তুলে ধরা এবং বৈশ্বিক দৃষ্টিকোণে বানানো তরুণ নির্মাতাদের নতুন কাজকে উৎসাহ দেওয়াই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের লক্ষ্য। চলচ্চিত্র প্রযোজক সমিতির আন্তর্জাতিক ফেডারেশনের (এফআইএপি) এ-গ্রেডের তালিকাভুক্ত বিশ্বের মাত্র ১৫টি উৎসব। সাংহাই সেগুলোরই একটি।

এই ‘মায়ার জঞ্জাল’র মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করেছেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। তার স্বামী চাঁদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। কাহিনীর শেষে গিয়ে ছোট গল্প দুটি মিলে গেছে একই বিন্দুতে। ছবিটির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নাট্যদল প্রাচ্যনাটের সোহেল রানা, কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, পশ্চিমবঙ্গের তথ্যপ্র‌যুক্তিমন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু । ছবির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

‘ডেব্রি অব ডিজায়ার’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ২০১৩ সালে ‘ফড়িং’ ছবির মাধ্যমে পরিচালনায় আসেন তিনি। এরপর টেলিভিশনের জন্য ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেন। পাঁচ বছর পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় ফিরলেন কলকাতার এই প্রশংসিত নির্মাতা।

ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। সহ-প্রযোজক হিসেবে আছে ভারতীয় প্রতিষ্ঠান ফ্লিপবুক।

আরও পড়ুন

×