ইনসাফের পর শরিফুল রাজ যেমন আছেন, যা করছেন
শরিফুল রাজ। ছবি: এমডব্লিও ম্যাগাজিন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৩:৪৯
গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ ছবির মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। তারও আগে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’, যা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হয়। একদিকে একের পর এক সফল সিনেমা, অন্যদিকে রাজের নীরবতা– সামাজিক মাধ্যমে খুব একটা সরব নন তিনি। প্রচারণার আলো থেকে দূরে থাকা যেন তাঁর অভ্যাস। তারকাদের নিয়ে নানা জমজমাট আয়োজনেও দেখা মেলে না রাজের উপস্থিতি। এমন নীরবতা নিয়ে তিনি আছেন শুরু থেকেই। বিনোদন অঙ্গনে কাজের বয়স তাঁর এক যুগেরও বেশি। বড় পর্দায় আসছেন প্রায় দশ বছর পূর্ণ করতে। ‘আইসক্রিম’ দিয়ে শুরু হয়েছিল তাঁর চলচ্চিত্র যাত্রা, সর্বশেষ কাজ ‘ইনসাফ’। শুরু থেকে আজ অবধি রাজ নিজেকে এক ভিন্ন সূত্রে মেপেছেন– গ্ল্যামার নয়, কাজেই যাঁর পূর্ণতা।
ইনসাফের পর...
রাজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইনসাফ’– সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমাটি মুক্তির আট মাস পার হয়েছে। এই সময়ের মধ্যে অনেক নায়কের নতুন সিনেমার ঘোষণা এসেছে, শুটিংও শুরু হয়েছে কারও কারও। কিন্তু রাজের ক্ষেত্রে নেই কোনো নতুন খবর। ভক্তদের কৌতূহল– ‘রাজের হাতে কি নতুন কোনো সিনেমা নেই?’ এই প্রশ্নের জবাবে রাজের সহজসরল উত্তর, “ঈদেই তো আমার ‘ইনসাফ’ মুক্তি পেল। নতুন সিনেমা আসতে তো কিছুটা সময় লাগবেই। আমি আমার কাজটা নিয়মিত করে যাচ্ছি। সময় হলে সব খবরই সবাই জানতে পারবেন।” তাঁর কণ্ঠে কোনো তাড়াহুড়ো নেই, নেই প্রচারণার আগ্রহও। রাজ যেন নিজের গতিতে চলা এক শিল্পী– যাঁর কাছে কাজ মানেই ধৈর্য, প্রস্তুতি আর সঠিক সময়ে উপস্থিতি।
অ্যাকশন ঘরানায় আগ্রহ
শরীফুল রাজ অভিনীত ‘আইসক্রিম’, ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’– সবই মূলত সামাজিক ও মানবিক গল্পনির্ভর সিনেমা। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ঝোঁক বেড়েছে মূলধারার অ্যাকশন সিনেমার দিকে। নায়কের ভাষায়, ‘এখন পর্যন্ত আমার করা ছবিগুলোর মধ্যে মূলধারার বাণিজ্যিক সিনেমা বলতে ‘ইনসাফ’ একটাই। তাই এমন অ্যাকশন ঘরানার গল্পে এখন একটু বেশি আগ্রহ পাচ্ছি। তবে এর মানে এই নয় যে, অন্য ধারার গল্পে আগ্রহ কমে গেছে। আমি যেহেতু অভিনেতা, তাই প্রতিটি গল্পই আমাকে টানে। দর্শকদের জন্য ভিন্নধর্মী সিনেমা করতে চাই, সেটা হতে পারে অ্যাকশন ড্রামা কিংবা অন্য কোনো এক্সপেরিমেন্টাল গল্প।’ অভিনয়ে নিজের সীমা ভাঙতে চান রাজ। তাঁর মতে, “প্রত্যেক চরিত্রই একটা নতুন চ্যালেঞ্জ। আমি চাই দর্শক যেন ভাবেন– ‘রাজ মানেই নতুন কিছু।’
অফিসিয়াল ঘোষণার অপেক্ষা
‘উৎসব’ সিনেমার সফলতার পর আবারও নতুন গল্প নিয়ে সিনেমা নির্মাণে ফিরছেন পরিচালক তানিম নূর। জানা গেছে, তিনি হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নতুন চলচ্চিত্র তৈরি করছেন। গুঞ্জন রয়েছে, এতে অভিনয় করছেন শরীফুল রাজ। আরও আছেন চঞ্চল চৌধুরী ও সাবিলা নূর। তবে খবরটির কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। বিষয়টি জানতে চাইলে রাজ বলেন, “এটা তো দারুণ খবর! এমন ছবিতে যুক্ত হলে আমারও ভালো লাগবে। তবে আমি আছি কিনা, সেটা বলার এখতিয়ার আমার নেই। এ বিষয়ে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানই বলতে পারবেন। আমার মনে হয়, এই বিষয়ে তাদের কাছেই জানতে হবে।” এ ছাড়া আলফা আইয়ের একটি নতুন সিনেমায়ও রাজ কাজ করছেন বলে খবর এসেছে। কিন্তু রাজ এবারও নীরব। শুধু বলেন, “সবকিছুই প্রযোজকদের হাতে। তারা চাইলে নিজেরাই ঘোষণা দেবে।” নির্মাতা মহলে শোনা যাচ্ছে, আরও কয়েকজন পরিচালক রাজকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করছেন। তবে রাজের মুখে এখনও নিশ্চুপ অপেক্ষার সুর– যেন সময়ের সঙ্গে সঙ্গে সব প্রকাশ পাবে।
- বিষয় :
- শরিফুল রাজ
- অভিনেতা
