ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিজ্ঞানের বিকাশে বেঙ্গল ইনোভেটরস

বিজ্ঞানের বিকাশে বেঙ্গল ইনোভেটরস
×

শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানকে তুলে ধরেন বেঙ্গল ইনোভেটরস রিসার্চ অরগানাইজেশন

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩ | ১৮:০০

 মোবারক হোসাইন। ২০১৭ সালে একদল তরুণ উদ্ভাবককে নিয়ে বেঙ্গল ইনোভেটরস রিসার্চ অরগানাইজেশনের যাত্রা শুরু করেন। দেশের ৬৪ জেলার তরুণ উদ্ভাবকদের ডাটাবেজ তৈরি এবং উদ্ভাবনগুলোকে পৃষ্ঠপোষকতার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির। দেশের প্রতিটি জেলায় বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনী সংস্কৃতি ছড়িয়ে দিতে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্যপদকপ্রাপ্ত এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তরুণ উদ্ভাবকদের সঙ্গে নিয়ে কাজ শুরু করে টিম বেঙ্গল ইনোভেটরস। যাত্রার শুরু থেকেই রোবোটিক্সসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় হাতেকলমে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন জেলায় অবস্থিত বিজ্ঞান ক্লাবের সমন্বয়ে স্কুল-কলেজ পর্যায়ে প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করে আসছে। ক্যাম্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাব উপকরণ সহায়তায় হাতেকলমে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখানো হয়। আনন্দঘন পরিবেশে বিজ্ঞানকে উপস্থাপন করা হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভীতি দূর হয়। সেই সঙ্গে সমস্যা সমাধানের দক্ষতাও তৈরি হয়। দেশের তরুণ উদ্ভাবকদের সমস্যা, প্রশ্ন, জিজ্ঞাসা ও গাইডলাইন দেওয়ার জন্য অনলাইনে বিভিন্ন কর্মসূচি পরিচালনাও করে থাকে সংগঠনটি। বেঙ্গল ইনোভেটরসের সঙ্গে বর্তমানে যুক্ত দেশের প্রায় সবক’টি জেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী তরুণ উদ্ভাবকরা। যারা রকেট সায়েন্স, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, মেশিন লার্নিং থেকে শুরু করে বিজ্ঞানের সব ক্ষেত্রেই যুগান্তকারী উদ্ভাবন নিয়ে গবেষণা করছেন। মোবারক হোসাইন ২০১৮ সালে NOOR নামে একটি হিউম্যানয়েড রোবট আবিষ্কার করেন। রোবটটি মানুষের প্রশ্নের জবাব দিতে পারে। সেটির জন্য ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার জেলা পর্যায়ে চ্যাম্পিয়নও হন মোবারক। এছাড়া পানি থেকে জ্বালানি গ্যাস তৈরির যন্ত্র উদ্ভাবন করেন ২০১৯ সালে। ৩৯তম জাতীয় বিজ্ঞান মেলায় জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নও হন তিনি। সাশ্রয়ীমূল্যে পানির আয়রন ফিল্টার উদ্ভাবন করে ২০২২ সালে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন। বর্তমানে পকেটমার প্রতিরোধী একটি স্মার্ট মানিব্যাগ উদ্ভাবন করেন। দেশের ও বহির্বিশ্বের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখতে তৈরি হচ্ছে টিম বেঙ্গল ইনোভেটরস। টিমের আগামীর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মোবারক হোসাইন বলেন, ‘তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় আগ্রহী করে তুলতে দেশের প্রতিটি জেলায় ন্যূনতম একটি কম্বাইন্ড ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠিত করতে চাই। এই ল্যাবগুলোতে সবাই তাদের আইডিয়া নিয়ে গবেষণা করার সুযোগ পাবেন। এছাড়া ল্যাবগুলো এমনভাবে তৈরি হবে, যেখানে বিজ্ঞানের প্রতিটি বিষয়ের ওপর গবেষণা করার মৌলিক সুযোগ-সুবিধা থাকবে। ল্যাবের সঙ্গেই বিভিন্ন বিজ্ঞানমেলা, আইডিয়া কম্পিটিশন, বিজ্ঞান সেমিনার করার মতো যথেষ্ট সুবিধা রাখা হবে। পুরো ইনোভেশন ল্যাবটি এবং ল্যাবের আশপাশে ঘটে চলা আবহ এমন একটি পরিবেশ তৈরি করতে সমর্থ হবে, যেটির মাধ্যমে তরুণ প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।’ u

আরও পড়ুন

×