গরমে যাদের পালং শাক খাওয়া ঠিক নয়
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৬:২১
পালং শাক পুষ্টিগুণসমৃদ্ধ। ভিটামিন ও খনিজে ভরপুর এ শাকে ক্যালোরি খুব কম পরিমাণে থাকে। পালং ভিটামিন কে, ফোলেট, আয়রন এবং ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ, যা শরীরে রক্ত বাড়ায়, হাড় মজবুত করতে সহায়তা করে এবং শক্তি বাড়ায়। শীতকালীন হলেও শাকটি গ্রীষ্মকালেও পাওয়া যায়। ছোট-বড় সবার জন্য এটি খাওয়া উপকারী। তবে কিছু কিছু রোগে আক্রান্তদের জন্য পালং শাক ক্ষতিকর হতে পারে। যেমন:
যাদের কিডনির জটিলতা রয়েছে, তাদের এ শাক এড়িয়ে চলা ভালো। কেননা গ্রীষ্মকালে কিডনির সমস্যা সাধারণভাবেই খানিকটা বেড়ে যায়। আপনি যদি কিডনি-সংক্রান্ত কোনো রোগে ভুগে থাকেন বা চিকিৎসাধীন থাকেন, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাদ্যতালিকায় পালং শাক অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকুন। পালং শাকে উচ্চ মাত্রায় অক্সালেট থাকে, যা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্রিস্টাল তৈরি করতে পারে।
গরমে অনেকেই প্রচুর পরিমাণে টক খাবার খেয়ে থাকেন, যা আর্থ্রাইটিসের প্রকোপ বাড়িয়ে দিতে পারে। আবার পালং শাকে পিউরিন বেশি থাকে, যা ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এর ফলে গাঁটে ব্যথা বেড়ে যেতে পারে। তাই, আপনার যদি বাতের সমস্যা থাকে, তাহলে পালং শাক এড়িতে যান। খেলেও কম করে খান।
যাদের হজমের সমস্যা ও পেট ফাপার মতো সমস্যা রয়েছে তারা গরমে পালং শাক না খাওয়াই ভালো। কেননা এ শাকে প্রচুর ফাইবার ও ফ্রুক্টোজ থাকে। এটি অতিরিক্ত খেলে পেট ফাপা, গ্যাস, বা ডায়রিয়ার সমস্যা বাড়তে পারে।
যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তারা বুঝে শুনে পালং শাক গ্রহণ করুন। এই শাকে উচ্চ মাত্রার ভিটামিন কে থাকে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়, যা হার্ট বা স্ট্রোকের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। আবার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদেরও পরিমিত পরিমাণে পালং শাক খাওয়া উচিত।
পালং শাক স্বাস্থ্যকর উপাদানে ভরপুর হলেও এটি সঠিকভাবে ধোয়া এবং রান্না করা না হলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। অনেকে কাঁচা পালং শাকের রস পান করেন। এটি ঠিক নয়। যদি পালং শাকের রস পান করতেই হয়, তবে ভালোভাবে ধুয়ে, কিছুক্ষণ পানিতে ফুটিয়ে নিন।
সূত্র: ওয়েবএমডি ও নিউজ১৮
